আশা ভোঁসলের মৃত্যুর নয় দিন কেটে গিয়েছে৷ গায়িকার ছেলে আনন্দ ভোঁসলে এবং নাতনি জনাই ভোঁসলে এসেছেন বারাণসীতে, প্রয়াত শিল্পীর অস্থি বিসর্জন করতে৷ প্রয়াত দিদিমার অস্থি বিসর্জন করাকালীন নাতনি জনাই কান্নায় ভেঙে পড়লেন৷ সেই ভিডিও এখন ভাইরাল।
১২ই এপ্রিল মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান আশা ভোঁসলে। ১৩ই এপ্রিল মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কিংবদন্তী গায়িকার শেষকৃত্য সম্পন্ন হয়।
আশা ভোঁসলের প্রয়াণের পর থেকেই নাতনি জনাইয়ের সমাজমাধ্যমের পাতায় কেবল আশা ভোঁসলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ভিড়৷
জনাইয়ের শেয়ার করা একটি থ্রোব্যাক ভিডিওতে দেখা যায়, তিনি ও আশা ভোঁসলে তাঁদের ব্যালকনি থেকে মুম্বাইয়ের একটি রাস্তায় মানুষের ঢল দেখে আনন্দে মেতে উঠেছেন। জনাই এই ভিডিওর সঙ্গে লিখেছেন, "তাঁর মতো করেই জীবনকে সকলে উদযাপন করুক, তিনি চাইতেন৷"
উমরাওজান ছবির বিখ্যাত গান 'দিল চিজ কেয়া হ্যায়'। গানটির অভিব্যক্তি নকল করার চেষ্টা করছেন জনাই, আর পাশেই গাইছেন কিংবদন্তী আশা ভোঁসলে।
পোস্টটির একটি অংশে লেখা ছিল: "সে আমাদের সবার দিকে, বিশেষ করে তার পরিবারের দিকে উপর থেকে তাকিয়ে আছে, এবং আমি বিশ্বাস করি সে খুব শীঘ্রই আমার কাছে ফিরে আসবে, কারণ সে আমাকে এই প্রতিশ্রুতিই দিয়েছিল এবং সবসময় এটাই বলত!"
আশা ভোঁসলের মৃত্যুর পর জনাই লিখেছিলেন,
"আমি আমার জীবনের ভালোবাসাকে হারিয়েছি, এবং পৃথিবীতে এর চেয়ে বড় শোক আর কিছু নেই, তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি জীবনকে পুরোপুরি উপভোগ করুন এবং সেভাবেই তাঁকে স্মরণ করুন—এবং তার জীবনকে উদযাপন করুন!!"
এ আর রহমান, জ্যাকি শ্রফ, রিতেশ দেশমুখ, রেণুকা শাহানে, রণবীর সিং, রাকেশ রোশন, হেলেন, পুনম ধিলন এবং মীনাক্ষী শেষাদ্রি, তাবু, শচিন তেন্ডুলকর পারেলের বাড়িতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা জানান।
রবিবার, জাভেদ আখতার ও শাবানা আজমি, উর্মিলা মাতন্ডকর এবং বিদ্যা বালান আশা ভোঁসলের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।
শনিবার গায়িকাকে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তিনি একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং রবিবার মাল্টি-অর্গান ফেলিওরের কারণে মারা যান।















