যশ রাজ ফিল্মস-এর বহুল প্রতীক্ষিত ছবি ‘আলফা’-র টিজার মুক্তি পাওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সিনেপ্রেমীদের মধ্যে। একদিকে যেমন আলিয়া ভাট-এর দুর্ধর্ষ অ্যাকশন এবং ‘লর্ড ববি’-র খলনায়ক অবতার ফ্যানদের স্তব্ধ করে দিয়েছে, তেমনই ছবির অন্য প্রধান হিরোইন শর্বরী ওয়াঘ-কে পুরো টিজারে এক সেকেন্ডের জন্যও না দেখানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। নির্মাতাদের এই ‘ভুল’ সিদ্ধান্তের বিরুদ্ধে যখন নেটপাড়ায় নিন্দা শুরু হয়েছে, ঠিক তখনই এক জনপ্রিয় ইউটিউবার ও ফিল্ম অ্যানালিস্ট এই রহস্যের এক হাড়হিম করা বৈজ্ঞানিক থিওরি ফাঁস করেছেন, যা শুনলে আপনারও চোখ কপালে উঠবে!
ইনস্টাগ্রামে মোহিত আনন্দ নামের এক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর একটি ভিডিওর মাধ্যমে দাবি করেছেন, শর্বরীর এই অনুপস্থিতি কোনও ভুল নয়, বরং ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের এক মস্ত বড় ‘মাস্টারস্ট্রোক’! ওঁর মতে, ‘আলফা’র এই টিজার সরাসরি যুক্ত রয়েছে হৃতিক রোশন -এর সদ্য মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘ওয়ার ২’-এর ক্লাইম্যাক্সের সঙ্গে।
ইউটিউবার মোহিত ওঁর ভিডিওতে অত্যন্ত সূক্ষ্ম একটি পয়েন্ট তুলে ধরেছেন, যা ‘ওয়ার ২’-এর সঙ্গে এ ছবির যোগসূত্র তৈরি করবে বলেই দাবি তাঁর -
১. ‘আলফা’র টিজারে: দেখা যাচ্ছে ববি দেওলের চরিত্রটি নিজেকে একজন ‘উলফ’ বা ‘নেকড়ে’ বলে পরিচয় দিচ্ছে এবং ওঁর মেয়ে তথা ভারতের এলিট অ্যাসাসিন আলিয়া ভাটকে নির্মম ট্রেনিং দিচ্ছে।
২. ‘ওয়ার ২’ সিনেমার কানেকশন: এবার ফ্ল্যাশব্যাকে যান। ‘ওয়ার ২’ ছবিতে হৃতিক রোশনের চরিত্র ‘কবীর’ একটি অনাথ মেয়েকে দত্তক নেয় এবং নিজের সুরক্ষার জন্য দীর্ঘ দু'বছর ধরে ওঁকে মারাত্মক ট্রেনিং দেয়। সেই মেয়েটির নাম ছিল ‘রুহি’। ছবিতে স্পষ্ট দেখানো হয়েছিল, রুহি ওঁর ফোনে কবীরের নাম সেভ করে রেখেছিল ‘নেকড়ে’ নামে!
ছবির টিজারে আলিয়াকে ববি যেভাবে তৈরি করছেন, ঠিক একইভাবে কবীরও রুহিকে তৈরি করেছিল। অর্থাৎ শর্বরী ওয়াঘ আসলে এই ছবির সেই ‘সারপ্রাইজ এলিমেন্ট’ বা ‘টুইস্ট’, যাকে এখনই টিজারে দেখালে ‘ওয়ার ২’-এর সঙ্গে ওঁর আসল কানেকশন ফাঁস হয়ে যাবে! আর সেই কারণেই আদিত্য চোপড়া অত্যন্ত বুদ্ধি করে শর্বরীকে প্রথম টিজার থেকে পুরোপুরি গায়েব করে রেখেছেন।
শর্বরীর অনুপস্থিতি নিয়ে বিতর্ক থাকলেও, বলিউডের তাবড় তাবড় তারকারা কিন্তু আলিয়ার এই ‘আলফা’ অবতার দেখে প্রশংসায় পঞ্চমুখ। খোদ বলিউডের 'পাঠান' শাহরুখ খান এক্স হ্যান্ডেলে আলিয়া ও ববিকে শুভেচ্ছা জানিয়ে একটি দুর্দান্ত টুইট করেছেন।
শাহরুখ লিখেছেন, “ওয়েল ডান আলিয়া! এতদিন ধরে মানুষের মন ভাঙতে রোম্যান্টিক ছবিতে, আর এখন সোজা ভিলেনদের হাড়গোড় ভাঙছ! তোমার দক্ষতা দিন দিন বেড়েই চলেছে। আশা করি ‘আলফা’ সবার মন জয় করবে এবং সিকুয়েলের জন্য অন্তত কয়েকজন ভিলেনকে জীবিত রাখবে। গো গেট দেম সিগমা গার্ল! আর লর্ড ববি... আপনি যখন পর্দায় খারাপ সাজেন, তখন আপনাকে দেখতে বড্ড ভাল লাগে!!! সবাইকে ইয়াব্বড় হাগস। শিব রাওয়াইল ও ওঁর টিমকে জানাই অনেক শুভেচ্ছা।”
শিব রাওয়াইলের পরিচালনায়, উদয় চোপড়ার মূল গল্পে এবং সৌমিত্র শুক্লা ও শ্রীধর রাঘবনের চিত্রনাট্যে তৈরি ‘আলফা’ আগামী ৩রা জুলাই, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এখন ইউটিউবারের এই ‘উলফ’ থিওরি কতটা সত্যি প্রমাণিত হয় এবং আলিয়া-শর্বরীর এই মেল-বন্ডিং বক্স অফিসে কতটা সুনামি তোলে, সেটাই দেখার।
















