দক্ষিণী তারকা যশ-এর আগামী ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেইল ফর গ্রোন-আপস’ ঘিরে শুরু থেকেই উত্তেজনা তুঙ্গে। বড় বাজেট, আন্তর্জাতিক ক্যানভাস এবং তার সঙ্গে যশের বিপুল জনপ্রিয়তা—সব মিলিয়ে ছবিটি বছরের অন্যতম প্রতীক্ষিত মুক্তি বলেই ধরে নিয়েছিল সিনেমাপ্রেমীরা। কিন্তু মুক্তির তারিখ, সম্ভাব্য বক্স অফিস সংঘর্ষ এবং নানা গুঞ্জন ঘিরে গত কয়েক সপ্তাহে ছবিটিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল নতুন বিতর্কও।

প্রথমে ঠিক ছিল ২০২৫ সালেই মুক্তি পাবে ‘টক্সিক’। পরে যশের জন্মদিনে নির্মাতারা ঘোষণা করেন, ছবিটি ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসবে। সেই ঘোষণার কিছুদিনের মধ্যেই সামনে আসে আরেকটি খবর। পরিচালক আদিত্য ধর তৈরি করছেন ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, যেখানে মুখ্যভূমিকায় থাকবেন রণবীর সিং।

এরপর থেকেই শুরু হয় জল্পনা। শোনা যেতে থাকে, একই সময় দুই বড় ছবির সম্ভাব্য সংঘর্ষ নিয়ে নাকি অস্বস্তিতে রয়েছেন যশ। এমনও দাবি করা হয়, ‘ধুরন্ধর’-এর নির্মাতাদের উপর নাকি নাখোশ দক্ষিণী তারকা।

কিন্তু বাস্তবে ছবিটা একেবারেই উল্টো। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই ধরনের খবরের কোনও ভিত্তিই নেই। বরং ‘ধুরন্ধর’-এর গল্প ও পরিকল্পনা নাকি বেশ পছন্দ করেছেন যশ। এমনকী ছবির দ্বিতীয় পর্ব দেখার জন্যও তিনি নাকি যথেষ্ট আগ্রহী। সূত্রের কথায়, দুই ছবির প্রতিযোগিতা নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা মূলত বাইরের মহলের তৈরি করা এক ধরনের ‘বক্স অফিস নাটক’ মাত্র।

এর মধ্যেই নতুন সিদ্ধান্ত নেন ‘টক্সিক’-এর নির্মাতারা। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে চলমান অস্থিরতার প্রভাব বিবেচনা করেই ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ ছবিটি শুরু থেকেই আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা থাকলে সেই পরিকল্পনা ব্যাহত হতে পারে বলেই মনে করছেন নির্মাতারা।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে বিষয়টি পরিষ্কার করেন যশ। তিনি জানান, টক্সিক এমন একটি ছবি যা শুরু থেকেই বিশ্বব্যাপী দর্শকের জন্য ভাবা হয়েছিল। কন্নড় ও ইংরেজি দু'টি ভাষাতেই ছবিটি নির্মিত হয়েছে, যাতে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছতে পারে।

যশ লেখেন, বহু বছরের পরিশ্রমের পর নির্ধারিত দিনে ছবিটি মুক্তি দেওয়ার জন্য তাঁরা প্রস্তুত ছিলেন। কিন্তু বর্তমান আন্তর্জাতিক অনিশ্চয়তা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সেই পরিকল্পনায় বাধা তৈরি করেছে। তাই দর্শক ও অংশীদারদের স্বার্থেই অনেক ভাবনাচিন্তার পর মুক্তির দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিচালক গীতু মোহনদাস-এর এই ছবিতে যশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কিয়ারা আদবানি, নয়নতারা, হুমা কুরেশি এবং তারা সুতারিয়া-কে।

নতুন ঘোষণা অনুযায়ী, বহু প্রতীক্ষিত টক্সিক এবার বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ৪ জুন। ফলে বছরের অন্যতম বড় দসিনেমা-লড়াই আপাতত পিছিয়ে গেলেও, যশের এই ছবিকে ঘিরে প্রত্যাশা কিন্তু একটুও কমেনি। বরং মুক্তির দিন যত এগোচ্ছে, কৌতূহল ততই বাড়ছে যে বক্স অফিসে ঠিক কতটা ‘টক্সিক’ ঝড় তুলতে পারে এই ছবি।

 

&t=371s