সমাজমাধ্যম খুললেই কত রকমেরই না কাণ্ড দেখা যায়! গোপাল বা আরাধ্য দেবতাকে নিয়ে বেড়াতে যাওয়া নতুন কিছু নয়। ভাত মেখে সন্তানের মতো কৃষ্ণকে খাওয়ানোর ভিডিও ভাইরাল। কিন্তু তাই বলে কৃষ্ণর চুল ধোয়াতে তাকে নিয়ে পার্লার গেলেন মহিলা! 

সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক মহিলা কোলে করে গোপালের মূর্তি নিয়ে স্যালোঁতে ঢুকছেন। কেন? গোপালের চুল পরিষ্কার করাতে। এই ভিডিও দেখে হাসির ধুম পড়েছে নেটমাধ্যমে। কেউ ব্যাপারটাকে বেশ মজা হিসেবেই নিয়েছেন। ক্ষতিকর নয়, অথচ দেখে ভাল লাগছে জানিয়েছেন। কারও মতে এগুলো লোক দেখানো, ভক্তি নয়। 

এদিন এই ভিডিও দেখে একটি পেজের তরফে এও দাবি করা হয় যে ওই মহিলা মানসিক ভাবে অসুস্থ। ওঁর চিকিৎসার প্রয়োজন। কেউ আবার মশকরা করে লেখেন, 'আজকাল কৃষ্ণও হেয়ার ওয়াশ করাতে আসছে!' 
যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক মহিলা গোপালকে গোলাপি পোশাক পরিয়ে স্যালোঁতে নিয়ে এসেছে। শুধু তিনি নন, ক্লায়েন্টের কথা ভেবে সেই স্যালোঁর কর্মীরা পর্যন্ত গোপালের মূর্তিকে সাবধানতার সঙ্গে হ্যান্ডেল করে। সযত্নে তার চুল ধুইয়ে দেন। করা হয় হেড ম্যাসাজ। ব্লো ড্রাই করা হয় গোপালের চুল। সবশেষে বেণী বেঁধে ফিরে যায় সে। 

?ref_src=twsrc%5Etfw">April 19, 2026

এই ভিডিও নিয়েই যত গোলমাল। কারও মতে কে কীভাবে ঈশ্বরের সেবা যত্ন করবেন সেটা একান্ত তার ব্যাপার। পুজো অর্চনা করার অধিকার সকলেরই আছে। কারও মতে আবার, কতটা করা উচিত, আর কতটা নয়, সেই বোধ থাকা প্রয়োজনীয়। আবার নেটপাড়ার একাংশের দাবি এসব নাকি আদতে বুজরুকি। লোক দেখানো। 

কেউ আবার চটেও গিয়েছেন এভাবে হিন্দু দেব, দেবী নিয়ে ছেলেখেলা করার জন্য। তাঁরাও যেমন এই মহিলাকে চিকিৎসার বুদ্ধি দিয়েছেন, তেমন আবার তাঁরাও একই বুদ্ধি দিয়েছেন, যাঁরা মনে করেছেন এই মহিলা বাড়াবাড়ি করছেন। বা তাঁর মানসিক অবস্থা ঠিক নেই।