উইন্ডোজ প্রোডাকশন হাউজের এবারের গরমের ছুটির চমক ফুল পিসি ও এডওয়ার্ড। ইতিমধ্যেই এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। মুক্তি পেয়েছে গান 'মনের চাবি'ও। এই ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক হচ্ছে শ্যামৌপ্তি মুদলির। এবার প্রকাশ্যে এল তাঁর 'বিনীতা' চরিত্রের প্রথম ঝলক। নববধূর সাজে দেখা গেল অভিনেত্রীকে। সাবেক সাজে হাতে পানপাতা নিয়ে একদৃষ্টে তাকিয়ে আছেন শ্যামৌপ্তি। তাঁর চোখেমুখে স্পষ্ট, আনমনা মন।
এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে শ্যামৌপ্তি বলেন, “আমি সব সময় বলি যে আমি সত্যিই ভাগ্যবতী, কারণ আমার প্রথম বড়পর্দায় কাজটাই উইন্ডোজ প্রোডাকশন হাউজের সঙ্গে। টলিউডে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আকাশছোঁয়া সাফল্য থাকলেও, একজন নবাগতার জন্য তাঁরা খুবই সহযোগিতামূলক পরিবেশ তৈরি করে দিয়েছিলেন।"
অভিনেত্রী আরও বলেন, “দাদা একদম বন্ধুর মতো, আর দিদির মধ্যে বড়দিদির একটা ব্যাপার আছে। তিনি যেমন আগলে রাখেন, তেমনই যত্ন নিয়ে কাজের প্রতিটি খুঁটিনাটি বুঝিয়ে দেন। তাঁরা এমন একটা কমফোর্ট জোন তৈরি করে দিয়েছিলেন যে, এক মুহূর্তের জন্যও মনে হয়নি আমি এত বড় মাপের সব গুণী শিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি।”

এতদিন শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে পরিচালক, প্রযোজক এবং অভিনেতা হিসেবেই চিনে এসেছেন সকলে। কিন্তু তাঁর এই অজানা দিকটি কি জানা ছিল? শ্যামৌপ্তি মুদলিকে 'মনের চাবি' গানটিতে নাচতে দেখা গিয়েছে কখনও সৌম্য মুখোপাধ্যায়, কখনও ঋষভ বসুর সঙ্গে। আর সেই নাচের স্টেপগুলো কোরিওগ্রাফ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
ছবিতে 'ফুল পিসি' হিসেবে ছবিতে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে। অর্জুন চক্রবর্তীর সঙ্গে বিয়ে হবে শ্যামৌপ্তি মুদলির! শুধু তাই নয়, তাঁর সঙ্গে নর্তকীর অন্যরকম ঘনিষ্ঠ সম্পর্কও থাকবে। এই চরিত্রে নজর কাড়বেন অনন্যা চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রাইমা সেন, ঋষভ বসু, সৌম্য মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনামিকা সাহা, প্রমুখ।
ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে, এই ছবিটিতে যেন সাইকোলজিক্যাল টেনশন থাকবে, তেমনই থাকবে অনুভূতির গভীরতা। জিনিয়া সেন স্ক্রিনপ্লে, গল্প এবং ডায়লগ লিখেছেন। শ্রীজাত লিখেছেন গানের লিরিক্স। গানগুলো কম্পোজ করেছেন জয় সরকার। 'ফুল পিসি ও এডওয়ার্ড' ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনা আসা এই ছবিটি ২৯ মে মাসে মুক্তি পাবে। 'ফুল পিসি ও এডওয়ার্ড' ছবিতে কি বর্তমান, অতীতের মধ্যে আনাগোনা দেখা যাবে? নাকি রয়েছে অন্য কোনও রহস্য? উত্তর মিলবে বড়পর্দায়।
















