আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
অভিনয় ছেড়ে 'হাউজওয়াইফ' হচ্ছেন আলিয়া?
না, অভিনয় ছাড়ছেন না আলিয়া। তবে 'হাউজওয়াইফ' হচ্ছেন। ভাবছেন ব্যাপারটা কী? জেনে নিন বিস্তারে। যশরাজ স্পাইভার্সের আগামী ছবি 'আলফা'য় মুখ্য ভূমিকায় আলিয়া ভাট থাকছেন যে সে কথা সকলেরই জানা। এছাড়া সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' তো আছেই অভিনেত্রীর ঝুলিতে। এছাড়াও আরও একটি প্রজেক্ট অভিনেত্রীর পকেটে এল বলে শোনা যাচ্ছে। 'দৃশ্যম ২' ছবির পরিচালক অভিষেক পাঠকের আগামী ছবি 'হাউজওয়াইফ' -এ থাকবেন আলিয়া ভাট, শোনা যাচ্ছে এমনটাই। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে থাকতে পারেন রাজকুমার রাও। এখানে তাঁরা বিভাজিত জুটির চরিত্রে অভিনয় করবেন। যদি সূত্রের খবর মেনে এই খবর সত্যি হয় তাহলে এই প্রথমবার কোনও ছবিতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা।
'কৃষ ৪' এবং 'ডন ৩' ছবিতে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া?
'বারাণসী' ছবির হাত ধরে পুনরায় বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপরই জোর জল্পনা শুরু হয়েছে তাঁর আগামী ছবি নিয়ে। কানাঘুষোয় শোনা যাচ্ছে, 'কৃষ ৪' এবং 'ডন ৩' -তেও নাকি থাকবেন অভিনেত্রী। এবার নিজেই এই জল্পনার বিষয়ে মুখ খুললেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন যে তিনি নিশ্চিত নন এই বিষয়ে তাঁর কথা বলা উচিত কিনা। তাঁর মুখে এই জবাব শুনেই মহেশ বাবু, তাঁর সহঅভিনেতা বলেন, তার মানে নির্ঘাত কোনও ব্যাপার আছে। তাও বিষয়টা খোলস করেন না প্রিয়াঙ্কা। স্রেফ এটুকু জানান, 'বারাণসী'র হাত ধরে দীর্ঘ ৬ বছর পর তিনি ফিরছেন বলিউডে।
'ধুরন্ধর ২' -এ থাকছেন সলমন খানও!
'ধুরন্ধর' বক্স অফিসে তুমুল সাফল্য পাওয়ার পর সকলের নজর এখন 'ধুরন্ধর ২' -এর দিকে। ইতিমধ্যেই এই ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, 'ধুরন্ধর ২' অর্থাৎ 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবিতে ইয়ামি গৌতমকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। একই সঙ্গে জানা গিয়েছে থাকতে পারেন সলমন খানও। 'বড়ে সাহাব' -এর চরিত্রে অভিনয় করতে পারেন তিনি। তবে এসবই জল্পনা। এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি। ফলে এটা কতটা জল্পনা, কতটা বাস্তব সেটা কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া বা ছবিটা না মুক্তি পেলে নিশ্চিত করে বলা যাবে না।
