কন্নড় সুপারস্টার যশ-এর বহুল প্রতীক্ষিত ছবি 'টক্সিক' নিয়ে এল বড় ঘোষণা। আবারও পিছিয়ে গেল এই প্যান-ইন্ডিয়া সিনেমার মুক্তির তারিখ! ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও, বিশ্বব্যাপী বড়মাপের ডিস্ট্রিবিউশন এবং কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

দীর্ঘ প্রতীক্ষা আরও বাড়ল। দক্ষিণী তারকা যশ-এর আসন্ন ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে আসছে না। বুধবার কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস-এর তরফে জানানো হয়েছে, ৪ জুনের মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই বিশ্বজুড়ে এক যোগে ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে।


ছবিটির কাজ পুরো শেষ. সবদিক থেকেই। তবে কেন এই দেরি? ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে যশ জানিয়েছেন, সম্প্রতি ‘সিনেমান’-এ ছবির উপস্থাপনার পর বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। ইয়াশ চান না তড়িঘড়ি করে ছবি মুক্তি দিয়ে এর আন্তর্জাতিক সম্ভাবনাকে নষ্ট করতে। তিনি বলেন, “ভারতীয় সিনেমা এখন বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিচ্ছে। একজন অভিনেতা ও প্রযোজক হিসেবে আমার দায়িত্ব ছবির মান বজায় রাখা এবং একে বিশ্বের দরবারে সঠিকভাবে পৌঁছে দেওয়া।”

এই নিয়ে দ্বিতীয়বার ‘টক্সিক’-এর মুক্তি পেছাল। প্রথমে ১৯ মার্চ রণবীর সিং-এর ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে ছবিটির সংঘাত হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার কারণে তা পিছিয়ে ৪ জুন করা হয়। এবার গ্লোবাল ডিস্ট্রিবিউশন এবং পার্টনারশিপের কারণে আরও একবার তারিখ পরিবর্তন করা হল।


গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে ইয়াশ ছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়ার মতো একঝাঁক তারকা। কন্নড় ও ইংরেজি ভাষায় শুটিং হওয়া এই ছবিটি হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লম ভাষাতেও ডাব করা হবে।

তবে শুরু থেকেই ছবিটি বিতর্কে ঘেরা। টিজার মুক্তি পাওয়ার পর ‘অশ্লীলতা’ এবং ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’-এর অভিযোগে সরব হয়েছিল একাধিক সংগঠন। এমনকি মহিলা কমিশনও টিজারের নির্দিষ্ট দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিল। যদিও কর্নাটক ফিল্ম চেম্বার-এর সভাপতি ডঃ জয়মালা দর্শকদের অনুরোধ করেছেন শুধুমাত্র টিজার দেখে কোনও সিদ্ধান্তে না পৌঁছাতে।

যশ তাঁর ভক্তদের উদ্দেশে লিখেছেন, “কিছু গল্পের জন্য ধৈর্যের প্রয়োজন হয়। আমরা এমন একটি ছবি উপহার দিতে চাই যা ভারতীয় সিনেমার জন্য গর্বের মুহূর্ত হয়ে থাকবে।”