বলিউডের ‘এভারগ্রিন বিউটি’ রেখা। তাঁর বয়স যেন থমকে গিয়েছে কোনও এক মায়াবী জাদুবলে। কিন্তু রেখাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল যতটা তাঁর অভিনয় নিয়ে, তার চেয়ে ঢের বেশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। বিশেষ করে কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক বা বিয়ের আসর— রেখাকে সবসময় দেখা যায় ঘন লাল সিঁদুরে রাঙানো সিঁথিতে। স্বামী মুকেশ আগরওয়ালের মৃত্যুর ৩৬ বছর পার হয়ে গেলেও কেন আজও সিঁদুর পরেন রেখা? এই রহস্যের জট কি আদৌ ছাড়ানো সম্ভব?
রেখার বৈবাহিক জীবন ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং বিষাদময়। প্রথম বিয়ে ছিল তাঁর অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে। তা বেশিদিন টেকেনি। এরপর ১৯৯০ সালে দিল্লির শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। কিন্তু সেই বিয়ের আয়ু ছিল মাত্র সাত মাস। রেখা যখন লন্ডনে, সেই সময় দিল্লিতে আত্মহত্যা করেন মুকেশ। হিন্দু শাস্ত্র মতে, স্বামীর মৃত্যুর পর স্ত্রীর সিঁদুর পরার রীতি নেই। কিন্তু রেখা সেই প্রথাকে বুড়ো আঙুল দেখিয়ে আজও সিঁদুর পরেই জনসমক্ষে আসেন।
রেখার সিঁদুর-রহস্য মুকেশের সঙ্গে বিয়ের অনেক আগে থেকেই শুরু হয়েছিল। ১৯৮২ সালে ‘উমরাও জান’ ছবির জন্য যখন তিনি জাতীয় পুরস্কার নিচ্ছেন, তখন তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি তাঁকে কৌতূহলবশত জিজ্ঞেস করেছিলেন, “আপনার সিঁথিতে সিঁদুর কেন?” রেখা হাসিমুখে উত্তর দিয়েছিলেন, “আমি যে শহর (চেন্নাই) থেকে এসেছি, সেখানে সিঁদুর পরাটা একটা ফ্যাশন।”
বিয়ের আগে না হয় ফ্যাশন ছিল, কিন্তু বিয়ের পরেও কেন এই ধারা অব্যাহত? ২০০৮ সালে এক সাক্ষাৎকারে রেখা এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে, তিনি লোকের প্রতিক্রিয়ার তোয়াক্কা করেন না। তাঁর কথায়, “আমার মনে হয় সিঁদুর পরলে আমাকে দেখতে বেশ ভাল লাগে। সিঁদুর আমাকে দারুণ মানায়।” অর্থাৎ, রেখা একে কেবল তাঁর সাজের একটি অংশ হিসেবেই তুলে ধরতে চেয়েছেন।
রেখার সিঁদুর নিয়ে জল্পনা উঠলেই যাঁর নাম অবধারিতভাবে চলে আসে, তিনি হলেন অমিতাভ বচ্চন। সম্প্রতি ২০২৫ সালের মার্চ মাসে চলচ্চিত্র ঐতিহাসিক হানিফ জাভেরি দাবি করেছেন, অমিতাভ বচ্চনের প্রতি রেখার এক গভীর টান বা ‘অ্যাটাচমেন্ট’ আজও বর্তমান।
হানিফ জাভেরি বলেন,“রেখার মনে অমিতাভের জন্য আজও এক নরম জায়গা অর্থাৎ সফ্টনেস রয়েছে। অমিতাভের কোনো বিপদ হলে রেখা বিচলিত হন, ঠিক তেমনই রেখার কিছু হলে অমিতাভও সমব্যথী হন। এটি এক অনন্য আত্মিক টান।” রেখা কি তবে আজও অমিতাভের নামেই সিঁদুর পরেন? না কি এটি শুধুই তাঁর ব্যক্তিত্বের এক অনন্য ভূষণ? বলিউডের এই গ্ল্যামারাস ‘উমরাও জান’ হয়তো এই রহস্য নিজের মধ্যেই আজীবন বন্দি রাখতে চান। সিঁদুর তাঁর কাছে কেবল রঙের প্রলেপ নয়, হয়তো কোনও এক অপূর্ণ প্রেমের বা নিঃসঙ্গ লড়াইয়ের নীরব প্রতীক।















