ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল কি এবার মাঠের বাইরে ‘গুগলি’ খেয়ে ফেঁসে গেলেন? সাম্প্রতিক এক ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নেটপাড়া। জনপ্রিয় ‘গান্দি বাত’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি চাহালের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তাঁর দাবি, চাহাল তাঁকে সোশ্যাল মিডিয়ায় মেসেজ করে কথা বলেছেন, এবং তাঁকে ‘কিউট’ বলে সম্বোধন করেছেন। আর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ঘটনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী তানিয়া। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তিনি দাবি করেছেন যে, চাহাল তাঁকে ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ করে 'কিউট' বলেছেন। ভিডিওটিতে তাকে পাপারাৎজিদের নিজের ফোনের মেসেজ দেখাতে এবং লজ্জায় লাল হতে দেখা যায়। তবে তানিয়া একে স্বাভাবিক বিষয় হিসেবেই দেখছেন। তিনি বলেন, এটি অত্যন্ত সাধারণ একটি ব্যাপার এবং অনেকেই তাকে 'কিউট' বলে থাকেন।
ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা চাহালকে নিয়ে সমালোচনা শুরু করেছেন। অনেকে তাঁকে 'সস্তা' ও 'নির্লজ্জ' বলেও কটাক্ষ করছেন। ভাইরাল হওয়া পোস্টে একজন নেটিজেন লিখেছেন,'উল্লু চ্যানেলের অভিনেত্রী তানিয়াকে মেসেজ করে যুজবেন্দ্র চাহাল ‘কিউট’ বলেছেন। যুজবেন্দ্র চাহাল এখন এতটাই সস্তা এবং নির্লজ্জ হয়ে গিয়েছেন!'
এই খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়তেই নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। একাংশ তানিয়ার সাহসের প্রশংসা করলেও, নেটিজেনদের অন্য একটি বড় অংশ চাহালের সমর্থনে দাঁড়িয়েছেন। অনেক ভক্তের দাবি, কাউকে ‘কিউট’ বলা মোটেই অপরাধ বা অশ্লীলতার পর্যায়ে পড়ে না। নেটিজেনদের একাংশ উল্টে তানিয়াকেই আক্রমণ করে বলছেন যে, তিনি সস্তায় প্রচার পাওয়ার জন্যই চাহালের মতো একজন জনপ্রিয় ক্রিকেটারের নাম ব্যবহার করছেন। তাঁদের মতে, এটি নেহাতই একটি ‘পাবলিসিটি স্টান্ট’।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি এখন দাবানলের মতো ঘুরছে এবং অনুরাগীদের একাংশ চাহালের ওপর বেশ ক্ষুব্ধ। তবে এই ভাইরাল ভিডিও বা তাঁকে নিয়ে চলা সমালোচনা প্রসঙ্গে যুজবেন্দ্র চাহালের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।















