নিজস্ব সংবাদসংস্থা, মুম্বই: আগাগোড়াই বলিউডের প্রেমিক পুরুষ শাহরুখ খান। রোম্যান্সের আকাশে তিনি জেট প্লেন ওড়ান। অভিনয়ের পাশাপাশি তাঁর রসবোধেও মুগ্ধ করে। তাই তো যৌনশিক্ষা নিয়ে ‘বাদশা’ র উত্তরও তাক লাগিয়ে দিয়েছিল। কী এমন বলেছিলেন তিনি?
স্কুলের পাঠ্যক্রমে কি যৌনশিক্ষা রাখা উচিত? বহুকাল যাবৎ এই নিয়ে নানা তরজা লেগেই থাকে। শাহরুখ খানকেও এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয়েছিল। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শাহরুখ জবাব দেন, স্কুলে একমাত্র যৌনশিক্ষা নিয়েই তাঁর আগ্রহ ছিল। অন্য বিষয় নিয়ে তেমন কিছু ভাবতেন না তিনি। বেশ কৌতুকের সুরে তিনি বলেন, “স্কুলে তো যৌনশিক্ষাই দেওয়া হয়। যখন আমি পড়তাম কিংবা এখনও কোনও পড়ুয়াকে জিজ্ঞাসা করে দেখুন, আর কোনও রকম শিক্ষা তো দেওয়া হয় না। সকলেই ষৌনশিক্ষা নিয়েই আগ্রহী!”
এরপরই শাহরুখের উদ্দেশে সঞ্চালক প্রশ্ন করেন, যদি পুরুষরা সন্তানের জন্ম দিতে শুরু করেন, তাহলে কী হবে? এক নিমেষের মধ্যে নিজস্ব ভঙ্গিমাতে উত্তর দেন ‘কিং’ খান। অভিনেতা বলেন, “পুরুষেরা সন্তানধারণ করতে শুরু করলে মহিলাদের প্রতি তাঁদের শ্রদ্ধা আরও বেড়ে যাবে।”
দেশ তো বটেই, বিশ্ব জুড়ে শাহরুখ খানের মহিলা ভক্তের সংখ্যা যে সমকালীন সব তারকাকে টেক্কা দিতে পারে তা বলাই বাহুল্য। মহিলাদের প্রতি অভিনেতার আচরণ বরাবরই চর্চিত। শুধু পর্দার রোম্যান্টিক নায়কের তকমার কারণেই নয়, বাস্তব জীবনে মহিলাদের মন অনায়াসে জয় করে নিতে পারেন শাহরুখ খান। তবে শুধুই শারীরিক কারণে কিংবা কোনও সম্পর্কের জন্য নয়, মহিলাদের মধ্যে ঠিক কোন সৌন্দর্য দেখেন শাহরুখ? অভিনেত্রী প্রীতি জিন্টার সঙ্গে এক সাক্ষাৎকারে সেই জবাব দিয়েছিলেন অভিনেতা।
শাহরুখের কথায়, “আমি চাই আমার গোটা জীবন ঘিরে থাকুন মহিলারা। ওঁরা সচেতন, ভদ্র, নম্র ও সুন্দরী হন। তাঁদের শরীর থেকে সুন্দর গন্ধ বেরোয়, তাঁদের কণ্ঠস্বর সুন্দর। মহিলাদের আমি খুব পছন্দ করি। আমি এটি লুকিয়ে রাখি না। আমার ভালবাসা শারীরিক নয়। আর ভালবাসি মানেই সম্পর্কে জড়াতে হবে, এমনও নয়।”
