বলিউডের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ অমিতাভ বচ্চন ওঁর নিয়মানুবর্তিতা এবং শুটিং সেটে নিখুঁত পরিপাটি থাকার জন্য চিরকালই পরিচিত। কিন্তু সাত ও আটের দশকের খলনায়িকা ও ক্যাবারে ড্যান্সার বিন্দু -র একটি ভুলের কারণে ‘বিগ বি’-র দামী শার্ট মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল! তাও আবার খোদ জয়া বচ্চনের চোখের সামনে। এত বছর পর বলিউডের সেই বহুচর্চিত ও হাড়হিম করা থ্রোব্যাক কিসসা আবারও সমাজমাধ্যমে ভাইরাল।
ঘটনাটি ঘটেছিল একটি ছবির শুটিং সেটে (অনেকের মতে ছবিটি ‘অভিমান’ বা ‘জঞ্জির’ সময়ের)। অমিতাভ বচ্চন সেদিন একটি ধবধবে সাদা দামী সিল্কের শার্ট পরে শ্যুটিং করছিলেন। সেই সময়েই সেটে আচমকা হাজির হন জয়া বচ্চন। অমিতাভ ও জয়া তখন একে অপরের প্রেমে মগ্ন। বচ্চন দম্পতি এবং অভিনেত্রী বিন্দু একসঙ্গে বসে গল্প করছিলেন।
বিন্দু বরাবরই পান খেতে ভালবাসতেন। গল্প করার সময় ওঁর মুখেও একটি মশলা পান ছিল। জয়া বচ্চন সেটে আসায় পরিবেশ আরও জমে ওঠে এবং তিনজন মিলে হাসিগল্পে মেতে ওঠেন।আড্ডার মাঝেই অমিতাভ বচ্চন হঠাৎ এমন একটি মজার কথা বলেন, যা শুনে বিন্দু নিজের হাসি চেপে রাখতে পারেননি। তিনি মুখ হা করে হো হো করে হেসে ওঠেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় চরম বিপর্যয়!বিন্দুর মুখের ভেতর থাকা পানের লাল পিক ছিটকে গিয়ে সরাসরি পড়ে অমিতাভ বচ্চনের সেই ধবধবে সাদা দামী সিল্কের শার্টের ওপর! মুহূর্তের মধ্যে শার্টের বুক থেকে শুরু করে হাতা লাল পানের রসে মাখামাখি হয়ে যায়।
অমিতাভের শার্টের ওই দশা দেখে বিন্দুর তো তখন হাত-পা কাঁপার জোগাড়। তিনি ভাবছিলেন, ইন্ডাস্ট্রির এত বড় তারকা, তাও আবার প্রচণ্ড রাগী— এবার নির্ঘাত ওঁর ওপর রেগে আগুন হয়ে যাবেন! কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জয়া বচ্চন নিজেই পরিস্থিতি সামাল দেন।
জয়া বচ্চন বিন্দুর ভয় পাওয়া মুখ দেখে হেসেই আকুল হন। অমিতাভ বচ্চনও রেগে যাওয়ার পরিবর্তে বিন্দুর অবস্থা দেখে মুচকি হাসেন এবং বলেন, "ঠিক আছে বিন্দুজি, কোনও ব্যাপার না। এটা স্রেফ একটা দুর্ঘটনা।” এরপর বিগ বি ওঁর শার্ট পরিবর্তন করতে মেকআপ ভ্যানে চলে যান। অমিতাভের এই ভদ্রতা এবং জয়া বচ্চনের মিষ্টি ব্যবহার আজও বিন্দুর মনে গভীর দাগ কেটে রয়েছে।
















