সঙ্গীত জগতের ইতিহাসে দুই বোন লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের অবদান অনস্বীকার্য। তবে মুদ্রার যেমন এপিঠ-ওপিঠ থাকে, তেমনই এই দুই কিংবদন্তির সম্পর্কের সমীকরণ নিয়েও চর্চার শেষ নেই। সম্প্রতি এক পুরনো সাক্ষাৎকারে আশা ভোঁসলের একটি মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে তিনি দিদি লতা মঙ্গেশকরের দাপট এবং নিজের কেরিয়ারের লড়াই নিয়ে বিস্ফোরক কিছু কথা বলেছিলেন।

আশা জানান, কেরিয়ারের শুরুর দিনগুলোতে লতা মঙ্গেশকর যখন মধ্যগগনে, তখন অন্য কোনও গায়িকার পক্ষে পায়ের তলায় মাটি খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব। আশা ভোঁসলে অকপটে স্বীকার করেন, "যতদিন দিদি এই ব্যবসায় টিকে ছিলেন, ততদিন অন্য কারওর কাজ পাওয়া লটারি জেতার মতো ছিল।" তিনি আরও যোগ করেন যে, সেই সময় সঙ্গীত পরিচালক থেকে শুরু করে প্রযোজক, সবার প্রথম পছন্দই ছিলেন লতা। ফলে তাঁর ছায়ার নিচে থেকে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করা ছিল এক পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ।

তিনি বলেছিলেন, "আমার ভয় হতো যে আমি হয়তো সারাজীবন দিদির বিকল্প হিসেবেই থেকে যাব। লতাদিদি যেটা গাইতে চাইতেন না বা সময় পেতেন না, কেবল সেই গানগুলোই আমার কাছে আসত।" এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই আশা সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের গায়কীর ধরন বদলে ফেলার। লতা যেখানে ধ্রুপদী এবং মেলোডিতে পারদর্শী ছিলেন, সেখানে আশা নিজেকে তৈরি করেন ক্যাবারে, জ্যাজ এবং ওয়েস্টার্ন ঘরানার গানের জন্য।

তবে এই লড়াইটা কেবল পেশাগত ছিল না, ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। আশা ভোঁসলে মনে করেন, সেই সময় যদি তিনি লতাকে অনুকরণ করার চেষ্টা করতেন, তবে আজ হয়তো তাঁকে কেউ চিনতেন না। দিদির অসামান্য প্রতিভা এবং ইন্ডাস্ট্রিতে তাঁর একচেটিয়া আধিপত্য আশাকে মানসিকভাবে ভেঙে দিলেও, শেষ পর্যন্ত সেই জেদই তাকে ‘মেলোডি কুইন’-এর তকমা এনে দিয়েছিল।

প্রসঙ্গত, শনিবার খবর এসেছিল, কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি। ১১ এপ্রিল, শনিবার দুপুরের দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন। তবে হৃদরোগ নয়, বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে? পরিবার সূত্রে সেই খবর এসেছিল। বর্ষীয়ান গায়িকার নাতনি জানে ভোঁসলে সমাজমাধ্যমে লিখেছেন, 'আমার ঠাকুমা, আশা ভোঁসলে প্রচণ্ড ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের গোপনীয়তা বা ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করছি। তাঁর চিকিৎসা চলছে এবং আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা আপনাদের সবটা জানাব।'