অফিসের কাজ হোক বা ব্যবসা, এমনকী অনলাইন শপিং থেকে সিনেমার টিকিট বুকিং, ইত্যাদির সব আপডেট আসে এই অ্যাপেই। আর প্রিয়জন হোক বা বন্ধু, সবার সঙ্গে আড্ডা, জরুরি কথা, ভিডিও কল ইত্যাদিরও জনপ্রিয় মাধ্যম। কথা হচ্ছে, হোয়াটসঅ্যাপের। বর্তমান সময়ে এই অ্যাপের বিকল্প থাকলেও এটিই সব থেকে জনপ্রিয়। এখন হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার, ফলে চ্যাটিং হবে আরও মজাদার। জেনে নিন কী সেই সুবিধা।
হোয়াটসঅ্যাপ মাঝে মধ্যেই নিত্য নতুন ফিচার নিয়ে আসে। এবার সেই আপডেটের নবীনতম সংযোজনের কারণে চ্যাটিং হবে আরও মজাদার এবং দ্রুত। কী সেই আপডেট? এখন আপনি ইমোজি দিলেই স্টিকার অপশন নিজে থেকেই দেখাবে। অর্থাৎ আপনাকে আর কষ্ট করে স্টিকার খুঁজতে হবে না।
কী হবে এতে? ধরুন আপনি কারও সঙ্গে কথা বলার সময় রাগ করার ইমোজি টাইপ করলেন। তখন সেটার সঙ্গে মিল রেখে রাগের কোনও স্টিকার হোয়াটসঅ্যাপ নিজে থেকেই আপনাকে সাজেস্ট করবে। অর্থাৎ এর জন্য আপনাকে আলাদা করে স্টিকার অপশনে গিয়ে মানানসই স্টিকার খুঁজতে হবে না। আর কে না জানে, হোয়াটসঅ্যাপের চ্যাটিংকে আরও মজাদার বানায় এই স্টিকারই। ফলে ইমোজি দিলেই যখন স্টিকার চলে আসবে তখন সেটাকে ট্যাপ করলেই যার সঙ্গে চ্যাট করছেন, তাঁর কাছে চলে যাবে।
এই ফিচার কি এখনই সবাই পাবেন?
না, বর্তমানে এই ফিচারের সুবিধা কেবল আইফোন ব্যবহারকারীরা পাবেন। Ios -এর সম্প্রতিকতম হোয়াটসঅ্যাপ আপডেটে এই ফিচার এসেছে। হোয়াটসঅ্যাপের নতুন ভার্সন অর্থাৎ ২৬.৮.৭৬ এ এই ফিচার রয়েছে। তবে ধীরে ধীরে এই ফিচার সমস্ত ব্যবহারকারীদের জন্যই নিয়ে আসা হচ্ছে।
আপনি আইফোন ব্যবহার করেন, কিন্তু এখনও এই ফিচারের সুবিধা পাননি? তাহলে অ্যাপ আপডেট করুন, দেখবেন এই নতুন ফিচার চলে এসেছে আপনার ফোনে।
কেবল এতটুকুই নয়। আপনার ইমোজির ভিত্তিতে একের বেশি যদি স্টিকার দেখতে চান তাহলে তার জন্য 'শো মোর রেজাল্ট' অপশন পাবেন। সেখানে ক্লিক করলে ওই ইমোজি সংক্রান্ত অন্যান্য সমস্ত স্টিকার আপনাকে দেখানো হবে, যেখান থেকে আপনি সহজেই পছন্দের স্টিকার বেছে নিতে পারবেন। ফলে একদিকে যেমন আপনি একাধিক অপশন পাবেন, তেমনই চ্যাটিং আরও সহজ এবং মজাদার হয়ে উঠবে।
হোয়াটসঅ্যাপে আসছে আরও নতুন ফিচার। এই যেমন, এতদিন হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপে যখন আপনি জয়েন করতেন, আপনার জয়েন করার আগের কথপোকথন কিছুই দেখতে পেতেন না। কিন্তু এখন সেটা সম্ভব হবে। এ হেন আরও বেশ কিছু আপডেট আসছে।
