শীঘ্রই মুক্তি পেতে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ 'ভার্জিনপুর'। তার আগে এদিন প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার। আর সেই অনুষ্ঠানেই বসেছিল চাঁদের হাট। সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্ররা উপস্থিত ছিলেন এদিন। 

'ভার্জিনপুর' সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতব্রত মুখার্জি, শার্লি মোদক, বিশ্বজিৎ দাস, মোনালিসা মণ্ডল, সত্যম ভট্টাচার্য, নিশান্তিকা দাস, প্রমুখ। এদিন সিরিজের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে ঋতব্রত মুখার্জি বলেন, "আমরা আসছি নতুন ওয়েব সিরিজ নিয়ে ক্লিকে, সেই সিরিজটির নাম ভার্জিনপুর। জয়দীপ ব্যানার্জি নির্মিত এই সিরিজটির পরিচালনা করেছেন শুভদীপ মুখার্জি।" 

অন্যদিকে ছবির অন্যতম অভিনেত্রী শার্লির কথায়, "১৬ তারিখ রথ যাত্রার দিন আসছে আমাদের এই সিরিজ। অনেক আনন্দ, এফোর্ট দিয়ে বানানো এই ভার্জিনপুর।" নিশান্তিকা তাঁদের ভার্জিনপুর নিয়ে বলেন, "খুবই একসাইটেড। সব মিলিয়ে একটা দুর্দান্ত অভিজ্ঞতা, যেটা আমি সারাজীবন মনে রাখব।" 

'ভার্জিনপুর' -এর পরিচালক শুভদীপ মুখার্জি জানান, এটা তাঁর পরিচালিত প্রথম কাজ। তাঁর কথায়, "এটা আমার প্রথম বানানো সিরিজ। এর আগে জয়দীপের সঙ্গে কাজ করেছি। ক্লিকের সঙ্গে আমি অনেক দিন ধরে জড়িত। বলা যায় একদম প্রথম থেকেই জড়িয়ে।" 

কোন গল্প ফুটে উঠবে 'ভার্জিনপুর' -এ? এই 'ভার্জিনপুর' এমন শহরে, যেখানে বিচিত্র সব চরিত্র জড়িয়ে পড়ে অপরাধ, বিশৃঙ্খলা আর হাস্যরসের এক বিপজ্জনক খেলায়। এই গল্পের কেন্দ্রে রয়েছে জিতু, এক সহজ সরল সোজা, হাস্যকরভাবে নিষ্পাপ গ্রামের ছেলে, যে কলেজে পড়াশোনা করে শান্ত-সাধারণ জীবন কাটানোর স্বপ্ন নিয়ে শহরে আসে। কিন্তু তার সেই স্বপ্ন খুব দ্রুতই ওলটপালট হয়ে যায়। সে প্রেমে পড়ে রাইয়ের, এক বুদ্ধিদীপ্ত ও তুখোড় মেয়ের, যে থাকে ‘ম্যাডাম নিবাস’-এ—সেই বোর্ডিং হাউসেই থাকার কথা জিতুরও। এক অদ্ভুত ঘটনার জেরে জিতু ও রাই জড়িয়ে পড়ে এক দুঃসাহসিক অপহরণ-কাণ্ডে। পুরো পরিকল্পনার নেপথ্যে রয়েছে দেবা, কলেজের স্বঘোষিত ‘সিনিয়র’ এবং ম্যাডাম নিবাসের ‘ম্যানেজার’। জিতু ও বোম বাবু—স্থানীয় এক ভয়ঙ্কর দাগী দুষ্কৃতী থেকে রাজনীতিক হয়ে ওঠা নেতার—মধ্যে সংঘর্ষের পর প্রতিশোধের উদ্দেশ্যে দেবা এই বিপজ্জনক পরিকল্পনা করে। এই বিশৃঙ্খলাকে আরও রঙিন করে তোলে ঝিন্টি, এক উদ্ভট স্বভাবের মালিশওয়ালী, যার স্বপ্ন আকাশছোঁয়া আর ইংরেজি বলার আত্মবিশ্বাস তার থেকেও বড়! পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তারা বহু কোটি টাকার মুক্তিপণের আশায় অপহরণ করে অ্যাটমকে—বোম বাবুর ‘যুব নেতা’ পুত্রকে। কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে, এবার তাদের পিছু নিয়েছে স্বয়ং বোম বাবু।

সবটা মিলিয়ে তীক্ষ্ণ কমেডি, অপ্রত্যাশিত মোড় এবং পরতে পরতে টানটান সাসপেন্সে ভরপুর 'ভার্জিনপুর' এমন কিছু অবিস্মরণীয় চরিত্রের গল্প, যারা একে অপরকে বোকা বানানোর খেলায় মেতে ওঠে। শেষ পর্যন্ত টাকার ভাগ্য কার হাতে যাবে? আর কে ফিরতে পারবে জীবিত সেটাই দেখার। আগামী ১৬ জুলাই থেকে দেখা যাবে এই সিরিজ।