সমাজমাধ্যম বর্তমানে একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে যেখানে সকলে নিজেদের মতামত যেমন তুলে ধরেন, তেমনই নিজেদের ছোটখাটো প্রাপ্তি, সাফল্য, উন্নতিও সকলের সঙ্গে ভাগ করে নেন। এর মধ্যে কিছু কিছু সাফল্যের গল্প বিশেষ ভাবে নজর কেড়ে নেয়।
দুরন্ত গতিতে ছুটে চলা এই সময়ে অনেকের কাছে সাফল্যের মাপকাঠি অনেক সময়ই বাড়ি, গাড়ি, মোটা অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ইত্যাদি। কিন্তু সম্প্রতি এক বছর ৩৫ এর যুবক এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে একটি পোস্ট করেন, জানান তাঁর এগুলোর কিছুই নেই। তবুও তিনি সফল। কেন আর কীভাবে? সেটাও তিনি জানিয়েছেন এই পোস্টে।
আশিষ জৈন নামক এই ব্যক্তি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান তাঁর কোনও বাড়ি বা গাড়ি নেই। নেই স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ব্যাপক পোর্টফোলিও। এমনকী চাকরির নিরিখেও তিনি যে চাকরি করেন সেটা আহামরি নয়। তাও তিনি কীভাবে সফল? সোশ্যাল মিডিয়ার মাপকাঠি অনুযায়ী তিনি ছুটে চলছেন না, কাঁধে বিপুল অঙ্কের ঋণের বোঝা নিয়ে রাখেননি। কাউকে টেক্কা দিয়ে নিজেকে জাহির বা প্রমাণ করতেও চাইছেন না। আর সেই কারণে অনেকেই তাঁর গল্প শুনে মুগ্ধ এবং অনুপ্রাণিত হয়েছেন। কারও কারও কাছে আশিষের গল্প রিফ্রেশিং।
এদিন আশিষ তাঁর পোস্টে লেখেন, ' আমি বছর ৩৫ এর একজন যুবক যার কাছে নিজের কোনও বাড়ি নেই, গাড়ি নেই, কোনও বিরাট ব্যাঙ্ক ব্যালেন্স নেই। এমনকী স্টক বা মিউচুয়াল ফান্ডে ব্যাপক পোর্টফোলিও নেই, নেই দারুণ ভাল চাকরিও। কিন্তু আমার কাছে একটা মোটামুটি ভাল ভাড়ার বাড়ি আছে, উবারে যাতায়াত করতে পারি, কোনও ঋণ নেই। গত বছরের তুলনায় আমার স্বাস্থ্য ভাল আছে, গত বছরের তুলনায় মানসিক ভাবে ভাল আছি। ছোট ছোট বিষয়ে স্ট্রেস নেওয়া ছেড়ে দিয়েছি, বিশেষ করে সেই বিষয়ে যা আর এক বছর পর অত গুরুত্বপুর্ণ থাকবে না। নিজেকে চাপ দেওয়া ছেড়ে দিয়েছি গাড়ি বা বাড়ি কেনার জন্য, ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করা ছেড়ে দিয়েছি। নিজেকে, নিজের শরীর, মনকে সময় দেওয়া, ফোকাস করা শুরু করেছি। ধূমপান ছেড়ে দিয়েছি। জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দিয়েছি।'
I am a 35 year old who doesn’t own a house, doesn’t own a car, doesn’t have a big bank balance, doesn’t have a huge portfolio of stocks or mutual funds, doesn’t have a great job, but live in a decent rented home, can afford traveling by uber, have zero debt, a better body than it…
— Ashish Jain (@In_Sane_Saint)Tweet by @In_Sane_Saint
তাঁর এই পোস্টে এক ব্যক্তি লেখেন, 'কোনও ঋণ না থাকা আদতেই একটা সাফল্য। কিন্তু অনেকে সেটা বোঝেন না।' কেউ আবার লেখেন, 'আপনাকে কুর্নিশ।' তৃতীয় ব্যক্তির মতে, 'সাহস জোগালেন। ধন্যবাদ।' আরও এক নেটিজেন লেখেন, 'যাক কেউ অন্তত ইঁদুর দৌড়ে সামিল হয়নি।'
















