সম্প্রতি নিজের ছেলে বীর হিরানিকে নিয়ে একটি মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। তাঁর ছেলে বীর হিরানি প্রথমবার ওটিটিতে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’-র মাধ্যমে অভিনয় জগতে পা রাখতে চলেছেন। কিন্তু ছেলে অভিনয় করবে, এমনটা চাননি বাবা হিসাবে৷ ছেলের এই সিদ্ধান্তে প্রথমে বেশ অবাক হয়েছিলেন রাজকুমার হিরানি।
কারণ, ছোটবেলা থেকেই বীরের আগ্রহ ছিল ক্যামেরার পিছনের কাজে। সে নিজে নিজেই ফিল্মমেকিং শিখেছিল এবং স্কুলে পড়ার সময় থেকেই শর্ট ফিল্ম তৈরি করত। এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি বলেন, “ও স্কুলে পড়ার সময় নিজে নিজেই ফিল্মমেকিং শিখেছিল এবং শর্ট ফিল্ম বানাত। খুব ভাল শর্ট ফিল্ম করত। তাই একদিন যখন এসে বলল, ‘আমি আর ছবি বানাতে চাই না’, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম।”
তিনি আরও বলেন, “আমি বললাম, ‘ঠিক আছে, ছবি বানাতে হবে না। তুমি কী করতে চাও?’ আমি ভেবেছিলাম ও অন্য কিছু করতে চাইছে। কিন্তু ও বলল, ও অভিনয় করতে চায়। আমি ভাবলাম, হঠাৎ কী হল?”
রাজকুমার জানান, তাঁর ছেলে তাঁর সঙ্গে ‘সঞ্জু’ ছবির সময় প্রায় ছয় মাস কাজ করেছিল। সম্ভবত সেই সময় অভিনেতা রণবীর কাপুরের অভিনয় দেখেই বীরের মধ্যে অভিনয়ের আগ্রহ তৈরি হয়।
পরিচালকের কথায়, “আমি ওকে কখনও অভিনয় করতে দেখিনি। তাই আমি সবসময় ওকে ফিল্মমেকিংয়ের দিকেই উৎসাহ দিতাম। কিন্তু ও আমার কথা শুনে বলল—‘আপনিই তো ৩ ইডিয়টস ছবিতে বলেছিলেন, নিজের ভাললাগার কাজটাই করা উচিত।’”
ছেলের মুখে নিজের ছবির সংলাপ শুনে কার্যত চুপ হয়ে গিয়েছিলেন রাজকুমার হিরানি। তিনি বলেন, “ওই কথা আমার নিজের কাছেই ফিরে এল। তারপর আর আমি কিছু বলতে পারিনি।”
তবে তিনি ছেলেকে পরামর্শ দিয়েছিলেন, শুধু ইচ্ছে হলেই অভিনয়ে কঅরা যাবে না, আগে শেখা প্রয়োজন। এরপর বীর প্রায় পাঁচ-ছয় বছর থিয়েটার করেন এবং অভিনয়ের প্রশিক্ষণ নেন।
রাজকুমার হিরানি আরও বলেন, অন্য কাউকে তিনি সহজেই পরামর্শ দিতে পারেন, কিন্তু নিজের ছেলের ক্ষেত্রে বিষয়টি আলাদা।
বীর হিরানি এর আগে দ্য ডক্টর উইল সি ইউ নাও (The Doctor Will See You Now) এবং আপনা আপনা আন্দাজ( (Apna Apna Andaz)-এর মতো শর্ট ফিল্মে অভিনয় করেছেন। এবার তিনি অভিনয় করবেন আরশাদ ওয়ারসি এবং বোমান ইরানি-র সঙ্গে। দুজনেই রাজকুমার হিরানির জনপ্রিয় ‘মুন্না ভাই’ এ অভিনয় করেছিলেন৷
‘প্রীতম অ্যান্ড পেড্রো’ রাজকুমার হিরানির প্রথম OTT প্রজেক্ট। এর আগে তিনি ‘মুন্না ভাই এমবিবিএস', ‘লাগে রহো মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’ এবং ‘ডানকি’-র মতো জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন।
সাইবার ক্রাইম ও ডিজিটাল তদন্তকে কেন্দ্র করে তৈরি এই সিরিজে প্রীতম ও পেড্রোর অদ্ভুত জুটি একটি জটিল অপহরণ মামলায় জড়িয়ে পড়ে। সিরিজটির পরিচালনা করেছেন ‘পাতাল লোক’ খ্যাত পরিচালক অবিনাশ অরুণ।















