বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা বিক্রান্ত ম্যাসি। '১২ ফেল' ছবিটি তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। সম্প্রতি তিনি শীতল ঠাকুরের সঙ্গে তাঁর সম্পর্ক, দাম্পত্য জীবন নিয়ে অকপটে কথা বললেন। জানালেন জীবন থেকে তাঁদের চাহিদা প্রায় একই। আর সেই কারণেই তাঁরা বিয়ে করেন, এবং এক সঙ্গে জীবন কাটাচ্ছেন। 

এদিন একই সঙ্গে বিক্রান্ত ম্যাসি জানালেন সম্পর্কের রেড ফ্ল্যাগ কোনগুলো। তাঁর মতে, প্রাক্তন কখনও বন্ধু হতে পারে না। যদি কারও প্রাক্তনের সঙ্গে সম্পর্ক থেকে থাকে, সেটা যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক না কেবল, আদতে সেটা রেড ফ্ল্যাগ। 

বিক্রান্ত ম্যাসি প্রাক্তনের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে এদিন বলেন, 'আমার মতে প্রাক্তনের সঙ্গে সম্পর্ক রাখা একটা মস্ত রেড ফ্ল্যাগ। আমার বা শীতলের, কারও কোনও প্রাক্তনের সঙ্গে সম্পর্ক নেই। কোনও বন্ধুত্ব নেই সম্পর্ক শেষ হওয়ার পর।' 

সম্পর্কে লুকোছাপাও একদম পছন্দের না বিক্রান্ত ম্যাসির। এই বিষয়ে তিনি বলেন, 'আমরা কখনও দুনিয়ার থেকেই আমাদের সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা করিনি। আমার মতে যাঁরা নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিতে চান না, বা লুকিয়ে রাখতে চান তাঁরা মোটেই সুবিধার নন। একসঙ্গে ৩-৪ বছর না কাটিয়ে দুনিয়াকে নিজেদের বিষয়ে যাঁরা জানাতে চান না, তাঁরা মোটেই সুবিধার নন।' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি রেজিস্ট্রি করেন বিক্রান্ত ম্যাসি এবং শীতল ঠাকুর। সেই বছরই হিমাচল প্রদেশে বসে তাঁদের বিয়ের আসর। ১৮ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। যদিও তাঁদের আলাপ প্রায় এক দশকের। ২০১৫ সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ হয় তাঁদের। ২০২৪ সালে ভূমিষ্ট হয় তাঁদের সন্তান বরদান। 

বিক্রান্ত ম্যাসিকে আগামীতে 'মুসাফির ক্যাফে'তে দেখা হবে। এটি ২৪ জুলাই মুক্তি পাবে। এর আগে তাঁকে শাহিদ কাপুরের 'ও রোমিও' ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল।