বিক্রম চট্টোপাধ্যায় 'তারকাটা'! টলিউডের অন্দরে ফিসফাস এমনই। শুধু তাই নয়, এদিন এমন একটি ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে অভিনেতা হাসতে হাসতে নিজেই নিজের থুতনিতে বন্দুক ধরেছেন গুলি করার জন্য। তার হাতে গায়ে লেগে রক্ত! কিন্তু ব্যাপারটা কী? সবটাই আসলে তাঁর আগামী কাজের জন্য। 

বিক্রম চট্টোপাধ্যায়, ছোটপর্দার হাত ধরে তাঁর সফর শুরু হয়েছিল। এরপর তিনি বড়পর্দায় দাপিয়ে কাজ করেছেন। আত্মপ্রকাশ করেছেন গায়ক হিসেবেও। সদ্যই তিনি প্রযোজনায় পা রেখেছেন। তাঁর সেই প্রযোজনা সংস্থার আগামী কাজ আসতে চলেছে শীঘ্রই। সেখানেই তাঁর 'তারকাটা' হিসেবে দেখা যাবে। এই সিরিজটির নামও তারকাটা। 

'তারকাটা' ওয়েব সিরিজের ঝলক প্রকাশ্যে এল এদিন। সেখানেই দেখা যাচ্ছে বিক্রম চট্টোপাধ্যায় রক্ত মেখে ঘেমে হাতে বন্দুক ধরে আছেন। শুধু তাই নয়, সেটিকে তাক করে আছেন তাঁর গলার দিকেও। আর পোস্টারের পিছনে লেখা টিনটিন, খিদে পেয়েছে, মালটা কে, ইত্যাদির মতো কিছু শব্দ। 

https://www.facebook.com/share/v/1Ff5zwZvSz/

'বেলাইন' খ্যাত পরিচালক শমীক রায় চৌধুরীর আগামী কাজ এটি। তাঁর পরিচালনায় প্রধান চরিত্রে দেখা যাবে বিক্রমকে। সিরিজটির প্রযোজনা করেছে বিক্রম চ্যাটার্জি ফিল্মস প্রোডাকশন। বিক্রম চট্টোপাধ্যায় এবং অভিনব ঘোষ প্রযোজক। সিরিজটির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন পরিচালক শমীক নিজেই, তাঁর সঙ্গে সৌমিত দেব, এবং অভিনব ঘোষ। সংলাপ সৌমিতের। জি ফাইভে দেখা যাবে এই সিরিজটি। তবে মুক্তি পাচ্ছে এখনও জানানো হয়নি। বিক্রম চট্টোপাধ্যায় ছাড়াও সিরিজটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিয়াং চ্যাং, প্রিয়াঙ্কা সরকার, সত্যম ভট্টাচার্য, সুস্মিতা রায়, প্রমুখকে।

প্রসঙ্গত, 'তারকাটা' সিরিজটির শুটিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন বিক্রম। সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজেই ব্যাপারটা জানিয়েছিলেন বিক্রম। আজকাল ডট ইনকে অভিনেতা এই বিষয়ে জানান, "তারকাটা' অ্যাকশন সিরিজ৷ একটি মেলার মধ্যে শুট করছিলাম আমরা৷ একটা দৃশ্য ছিল যেখানে সত্যম ঢুকবে আর আমাকে বাঁচাবে৷ সত্যম আমাকে ফ্রেম থেকে ধরে নিয়ে বেরোবে- এরকম হওয়ার কথা ছিল৷ বেরোনোর সময় আমি আর সত্যম দু'জনেই ব্যালান্স হারাই। সত্যম আমার উপর পড়ে৷ প্রথমে হাঁটুতে লাগে তারপর গোড়ালি মচকে যায়৷' সেই সময় প্রায় সপ্তাহখানেক বিশ্রামে থাকতে হয় অভিনেতাকে। মার্চ মাসের শেষ দিকেই শুটিং শেষ হয়েছে এই সিরিজের।