১৭ মে বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই বছর তিনি ৩৯ বছরে পা দিলেন। সামনেই তাঁর দু'টো প্রজেক্টের মুক্তি। তার মাঝে আজকের এই বিশেষ দিনটিতে তাঁর কী পরিকল্পনা, কীভাবে কাটাচ্ছেন জন্মদিন, খোঁজ নিল আজকাল ডট ইন।
জন্মদিনের প্ল্যান জানতে চাইলে বিক্রম চট্টোপাধ্যায় বলেন, "সেরকম খুব একটা কিছু পরিকল্পনা নেই। মায়ের সঙ্গে একটু লাঞ্চ করব। বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটাব, মানে বোন, বাবার সঙ্গে। আর কিছু কাছের বন্ধুরা হয়তো বাড়িতে আসবে।"
সামনেই যেহেতু 'তারকাটা' এবং 'বাবা'র মুক্তি, আজও কি প্রচার রয়েছে? এই বিষয়ে বার্থডে বয় বলেন, "আজকে সেরকম ভাবে কিছু রাখিনি। 'তারকাটা' মুক্তি পাবে ৫ জুন। 'বাবা' মুক্তি পাবে ১৯ জুন। প্রচারের কাজ তো চলবেই, কিন্তু আজকের দিনটায় কিছু রাখিনি।"
প্রসঙ্গত, ছোটপর্দা থেকে পথ চলা শুরু বিক্রম চট্টোপাধ্যায়ের। 'ইচ্ছে নদী', 'সাতপাকে বাঁধা', ইত্যাদির মতো ধারাবাহিকে কাজ করেছেন। এরপর পা রাখেন বড়পর্দায়। উপহার দিয়েছেন 'পারিয়া', 'রাস', 'শহরের উষ্ণতম দিনে'র মতো সুপারহিট সমস্ত ছবি। বারংবার নজর কেড়েছেন তাঁর অভিনয় দিয়ে। কখনও পাশের বাড়ির ছেলেটি, কখনও রোমান্টিক নায়ক তো কখনও রাফ অ্যান্ড টাফ অ্যাকশন হিরো হয়ে পর্দায় ধরা দিয়েছেন। বাদ যায়নি ওয়েব সিরিজ। 'তানসেনের তানপুরা', ইত্যাদির মতো সিরিজেও কাজ করেছেন। আগামীতে পরপর আসছে তাঁর দু'টো নতুন কাজ। ছবি 'বাবা' এবং সিরিজ 'তারকাটা'য় দেখা যাবে তাঁকে।
'তারকাটা' সিরিজটি পরিচালনা করেছেন শমীক রায়চৌধুরী। এখানে তাঁকে একজন পুলিশ অফিসার তথা ডিটেকটিভের ভূমিকায় দেখা যাবে। তাঁর সঙ্গে প্রিয়াঙ্কা সরকার, মায়াং চ্যাং, প্রিয়াঙ্কা সরকার, সত্যম ভট্টাচার্য, প্রমুখকেও দেখা যাবে। এই সিরিজটি বিক্রম চট্টোপাধ্যায়ের প্রযোজনাতেই আসছে। দেখা যাবে জি ফাইভ প্ল্যাটফর্মে।
অন্যদিকে 'বাবা' ছবিটি ফাদার্স ডের সময় মুক্তি পাবে, ১৯ জুন। জিৎ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন বিক্রম। তাঁর পাশাপাশি এখানে দেখা যাবে অপরাজিতা আঢ্য, মমতা শঙ্কর এবং কিরণ মজুমদারকে দেখা যাবে।
















