শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় হঠাৎই খবর আসে তামিল তারকা তথা টিভিকের প্রধান বিজয় থালাপতি তথা বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম তাঁর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। তিনি তাঁর মামলায় দাবি করেছেন বিজয়ের নাকি এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় চলছে। কিন্তু কে এই সঙ্গীতা? তিনি কি কেবলই এই তামিল তারকা স্ত্রী? 

সঙ্গীতা হলেন লন্ডনের ব্যবসায়ী স্বর্ণালিঙ্গমের মেয়ে। তিনি আদতে একজন শ্রীলঙ্কার তামিল। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া অভিনেতার ছবি পুভে উনাকাগা দেখে তিনি বিজয়ের প্রতি মুগ্ধ হন। লন্ডন থেকে চেন্নাই উড়ে আসেন কেবল তাঁর সঙ্গে দেখা করতে। শুধু তাই নয়, ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়াকালীন নাকি তিনি বিজয়কে একাধিক চিঠি পাঠিয়েছেন। পরবর্তীতে তাঁদের সেই বন্ধুত্ব প্রেমে বদলায়। অবশেষে ১৯৯৯ সালের ২৫ অগস্ট ক্রিশ্চান এবং হিন্দু মতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। ভক্তদের উপস্থিতিতে চার হাত এক হয় তাঁদের। 

সূত্রের খবর, বর্তমানে বিজয়ের থেকে সঙ্গীতার বেশি বন্ধু রয়েছে তামিল ইন্ডাস্ট্রিতে। শালিনী অজিত কুমার, আরতি রবি, প্রমুখের সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্ব। সঙ্গীতা লন্ডনে ফিরে গিয়েছেন তাঁর পৈতৃক ব্যবসা দেখভাল করার জন্য। জানা গিয়েছে তিনি প্রায় ৪০০ কোটি টাকার মালিক। 

বিজয় এবং সঙ্গীতার দুই সন্তান আছে, দিব্যা এবং জেসন সঞ্জয়। তামিল তারকা বিজয়কে বিয়ে করলেও সঙ্গীতা বরাবরই লাইমলাইট থেকে দূরে থাকতেন, সাধারণ জীবন যাপন করেছেন। তাঁদের সন্তানরাও তাই। যদিও বাবার সঙ্গে ২০০৯ সালে একটি ছবিতে কাজ করেন জেসন। এবং ২০১৬ সালে আরেকটি ছবিতে তাঁদের মেয়ে দিব্যা বিজয়ের সঙ্গে কাজ করেছেন। দিব্যা বর্তমানে একজন ব্যাডমিন্টন প্লেয়ার। অন্যদিকে জেসন সঞ্জয় শীঘ্রই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। 

অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গম সম্প্রতি বিজয় থালাপতির বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। জানা গিয়েছে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ ধারার আওতায় সঙ্গী যদি পরকীয়ায় লিপ্ত হয় বা কোনও রকম অত্যাচার করে, হিংস্রতা দেখায় তাহলে স্বামী বা স্ত্রী বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। আর এই ধারার অধীনেই মামলা করেছেন বিজয়ের স্ত্রী। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সঙ্গীতা তাঁর পিটিশনে জানিয়েছেন বিজয় পরকীয়া করছেন। এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত রয়েছেন। এই অভিযোগে এও জানানো হয়েছে অভিযোগকারিণী বা পিটিশন দাখিলকারী ২০২১ সালেই জানতে পারেন বিজয়ের এই পরকীয়ার বিষয়ে। এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন বিজয়, এটা জানাজানি হওয়ার পর সেই সময় অভিনেতা তথা রাজনীতিক কথা দেন তিনি সেই সম্পর্কে ইতি টানবেন। কিন্তু কথা রাখেননি। এখনও গোপনে সেই সম্পর্ক রয়েছে তাঁদের। তাই গোটা বিষয়টা এবার জেলা আদালতের কাছে তুলে বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছেন বিজয়ের স্ত্রী। বর্তমানে এই কেসটি বিচারাধীন। কী নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে সেই দিকে নজর থাকবে। তবে এই খবর রটতেই নেটিজেনরা অনুমান করছেন তৃষার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়।