বর্তমানে দক্ষিণী সিনে জগৎ থেকে রাজনীতির অন্যতম চর্চিত নাম বিজয় থালাপতি। এবার এ হেন অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তাঁর স্ত্রী। শুধু তাই নয়, সেই অভিযোগের পাশাপাশি বিবাহ বিচ্ছেদের পিটিশন ফাইল করেছেন। বিয়ের ২৭ বছরের মাথায় ভাঙতে চলেছে দক্ষিণী তারকার সংসার। 

অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গম সম্প্রতি বিজয় থালাপতির বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। জানা গিয়েছে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ ধারার আওতায় সঙ্গী যদি পরকীয়ায় লিপ্ত হয় বা কোনও রকম অত্যাচার করে, হিংস্রতা দেখায় তাহলে স্বামী বা স্ত্রী বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। আর এই ধারার অধীনেই মামলা করেছেন বিজয়ের স্ত্রী। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সঙ্গীতা তাঁর পিটিশনে জানিয়েছেন বিজয় পরকীয়া করছেন। এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত রয়েছেন। এই অভিযোগে এও জানানো হয়েছে অভিযোগকারিণী বা পিটিশন দাখিলকারী ২০২১ সালেই জানতে পারেন বিজয়ের এই পরকীয়ার বিষয়ে। এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন বিজয়, এটা জানাজানি হওয়ার পর সেই সময় অভিনেতা তথা রাজনীতিক কথা দেন তিনি সেই সম্পর্কে ইতি টানবেন। কিন্তু কথা রাখেননি। এখনও গোপনে সেই সম্পর্ক রয়েছে তাঁদের। তাই গোটা বিষয়টা এবার জেলা আদালতের কাছে তুলে বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছেন বিজয়ের স্ত্রী। 

বর্তমানে এই কেসটি বিচারাধীন। কী নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে সেই দিকে নজর থাকবে। তবে এই খবর রটতেই নেটিজেনরা অনুমান করছেন তৃষার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। যদিও এই বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ১৯৯৯ সালে সাত পাকে বাঁধা পড়েন বিজয় থালাপতি এবং সঙ্গীতা। তাঁদের দুই সন্তান আছে, জেসন সঞ্জয় এবং দিব্যা সাশা।

থালাপতি বিজয়ের শেষ ছবি ‘জননায়গন’। তিনি আর ছবি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এবার পূর্ণ সময় তিনি রাজনীতিকে দেবেন। এইচ. বিনোথ পরিচালিত ‘জননায়গন’ ছবিতে বিজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রিয়ামণি এবং নারাইন। এই ছবির মুক্তি নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। বিষয়টা কোর্ট পর্যন্ত গড়ায়। কিছুতেই সেন্সর বোর্ড এই ছবিকে ছাড়পত্র দিতে চাইছিল না। প্রসঙ্গত, বিজয়ের দলের নাম তামিলাগা ভেত্তেরি কাজহাগম।