আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
রশ্মিকাকে স্বাগত জানালেন বিজয়ের ভাই
বৃহস্পতিবার চার হাত এক হয়েছে বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার। উদয়পুরের আইটিসি মেমেন্টোস হোটেলে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা। অভিনেত্রীকে পরিবারে স্বাগত জানিয়েছেন বিজয়ের ভাই আনন্দ দেবরকোন্ডা। দম্পতিকে আদুরে ডাকে ‘ভাদিনা’ বলে সম্বোধন করেছেন তিনি। সমাজমাধ্যমে লিখেছেন, “রশ্মিকা, এখন তুমি আমাদের পরিবারের একজন।” এখানেই শেষ নয়, অভিনেতার ভাইয়ের আরও সংযোজন, "আজ, আমার ভাইয়ের বিয়ে হয়েছে, আর আমি আমার ভাদিনার মতো সবচেয়ে ইতিবাচক এবং সহানুভূতিশীল মানুষ পেয়েছি। আমি প্রার্থনা করি যে তাঁরা যেন বাকি জীবন এভাবেই হাসতে থাকে। এদিন বিজয় ও রশ্মিকার বিয়ের ছবি ভাইরাল হয়। এদিন নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন তারকা থেকে আমজনতা। আনন্দের উচ্ছ্বাসপূর্ণ বার্তা দেখেই বোঝা গিয়েছে, বিজয়ের পরিবারে রশ্মিকার আগমন সকলের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে এসেছে।
অরিজিৎকে নিয়ে মন্তব্য ইসমাইল দরবারের
একাধিক জনপ্রিয় ছবিতে সুরকারের দায়িত্ব পালন করেছিলেন ইসমাইল দরবার। যার মধ্যে অন্যতম ‘হম দিল দে চুকে সনম’ এবং ‘দেবদাস’। মাঝে বেশ অনেক বছর ব্যক্তিগত জীবনের বিতর্কের জেরে কেরিয়ারে পথ হারান তিনি। সম্প্রতি সেই সঙ্গীত পরিচালক মন্তব্য করেছেন অরিজিৎ সিং-কে নিয়ে। গায়কের প্লে ব্যাক ছাড়ার সিদ্ধান্তকে ‘সাহসি ও বুদ্ধিমান’ হিসেবে অভিহিত করেছেন ইসমাইল। তাঁর মতে, আরিজিৎ যখন প্লেব্যাক গাওয়া ছেড়ে দিলেন, তখন তিনি শুধু শিল্পী হিসেবে নয়, ব্যবসায়িক বুদ্ধিমত্তার ভিত্তিতেও চিন্তা করেছেন। সঙ্গীত পরিচালক বিশ্বাস করেন, এই সিদ্ধান্ত আরিজিতের কেরিয়ারে নতুন সুযোগ এনে দেবে। এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। কেউ যেমন প্রশংসা করছেন, আবার কেউ কেউ শিল্পীদের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত বলেও মত প্রকাশ করছেন।
'কেরালা স্টোরি ২'-এর মুক্তি স্থগিত
বিতর্কিত ছবি দ্য ‘কেরালা স্টোরি ২’–এর মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। কেরালা হাইকোর্টে ছবির বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনটি বিবেচনা করা হচ্ছে। নির্মাতারা আদালতে যুক্তি উপস্থাপন করেছেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সিনেমার মুক্তি।এই ছবির বিষয়বস্তু নিয়ে আগেই বিতর্ক ও সমালোচনা হয়েছে। বিভিন্ন রাজ্যের সমালোচক ও দর্শকরা ছবিটির উপরে মতামত দিয়েছেন। আপিলের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সময়ে মুক্তির তারিখ নির্ধারিত হবে।
















