সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বিজয়-রশ্মিকার প্রীতিভোজে তারকা সমাবেশ
গতকাল হায়দরাবাদের তাজ কৃষ্ণ রেস্তোরাঁয় ছিল বিজয়-রশ্মিকার প্রীতিভোজের অনুষ্ঠান৷ অল্লু অর্জুন-সহ তেলুগু চলচ্চিত্র জগতের বহু খ্যাতনামী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। 'পুষ্পা'র অভিনেতা-অভিনেত্রীদের কাছে বিজয়-রশ্মিকার বিয়ের প্রীতিভাজ ছিল ছোটখাটো পুনর্মিলন উৎসব৷
রাত বাড়তেই বিলাসবহুল হেটেল চত্বরে নিরাপত্তা হল জোরদার। অল্লু অর্জুন ছাড়া এসেছিলেন
সস্ত্রীক রামচরণ, কিছুক্ষণের জন্য দেখা গেল চিরঞ্জিবীকে৷ নাগার্জুন এসেছিলেন পুত্র নাগা চৈতন্যের সঙ্গে। স্বামীর সঙ্গে প্রীতিভোজে আসতে দেখা গেল নীনা গুপ্তকে। এছাড়া এসেছিলেন কর্ণ জোহর, ম্রুণাল ঠাকুর, নম্রতা শিরোদকার, কৃতী শ্যানন-সহ অনেকে৷
অমিতাভ বচ্চনের 'শান্ত্ হোলি'
এ বছর অমিতাভ বচ্চন রঙের উৎসবে শান্তিকে বেছে নিলেন৷ রং খেলার বদলে বলিউডের শাহেনশাহ এই বছরের উৎসবকে "এক শান্ত্ হোলি" বলে অভিহিত করেছেন৷ তিনি সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন৷ হোলির জন্য বানানো বিশেষ মিষ্টি রাখা ছিল দুটি থালায়৷ এই ছবি দিয়েই অমিতাভ সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন৷
বিগ বি-র কাছের বন্ধু ছিলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র৷ ধর্মেন্দ্রের মৃত্যুশোক হয়তো অমিতাভকে এখনও ঘিরে আছে৷ তবে একইসঙ্গে অমিতাভ আবেগঘন বার্তা দিয়েছেন মুম্বইয়ে তাঁর বাসভবন 'জলসা'কে ঘিরে৷ জীবনের তিন দশক আনন্দে ভালবাসায় পরিবারের সকলের সঙ্গে কাটানোর জন্য 'জলসা'কে ভালবাসার প্রতীক বলেও অভিহিত করেছেন অমিতাভ৷
মল্লিকা আরোরার মা আটকে দুবাইতে
মল্লিকা আরোরার মা জয়সি আরোরা দুবাইতে গিয়েছিলেন জন্মদিন উদযাপন করতে৷ তিনি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন দুবাইয়ের সরকারি ব্যবস্থাপনায় তিনি নিরাপদেই আছেন কিন্তু আকাশে পরপর মিসাইল উড়ছে- এটা নিজের চোখে দেখা ভয়ঙ্কর৷ তিনি আরও জানিয়েছেন, মেয়ে মালাইকা মুম্বই থেকে সারাদিনে তিন-চারবার খবর নিচ্ছেন৷ তিনিও শীঘ্র মুম্বই ফেরত যেতে পারবেন সেই আশা করছেন৷ মালাইকার মায়ের ৩ মার্চ মুম্বই ফেরার কথা ছিল। কিন্তু আচমকা বিমানযাত্রা স্থগিত হয়ে যায়৷ জয়সি আরোরা জানিয়েছেন তিনি দুবাইতে এসেছিলেন বড় দিদির জন্মদিন উদযাপন করতে৷ কয়েক দিন পরেই তাঁর নিজেরও জন্মদিন৷
সোনাল চৌহান এবং এষা গুপ্তও দুবাইতে এসে আটকে পড়েছিলেন। কিন্তু তাঁরা নিরাপদেই ভারতে ফিরতে পেরেছেন, সেই খবর জানিয়েছেন তাঁরা৷
