আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
বিজয়-রশ্মিকার রিসেপশন নিয়ে কড়াকড়ি!
২৬ ফেব্রুয়ারি বিজয় দেবেরাকোণ্ডা এবং রশ্মিকা মন্দানা বেঁধেছেন গাঁটছড়া। আগামী ৪ মার্চ তাঁদের রিসেপশন। হায়দরাবাদে বসবে জমকালো অনুষ্ঠানের আসর। এবার সেই অনুষ্ঠানের বিষয়ে বড় আপডেট প্রকাশ্যে এল। একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের অন্যতম জমকালো অনুষ্ঠান হতে চলেছে এটি। গোটা ভারত থেকে এই তারকা জুটি ভালবাসা পাচ্ছেন। তবে তাঁদের রিসেপশনে কিন্তু তাঁরাই যেতে পারবেন যাঁদের নিমন্ত্রণ করা হয়েছে। আমন্ত্রণ পত্র ছাড়া প্রবেশের অধিকার পাওয়া যাবে না। ভক্ত এবং অতিথি, দু'জনদেরই সাবধানতা এবং সতর্কতা মেনে চলতে বলা হয়েছে। তেলুগু, তামিল, কন্নড়, মালায়লাম ইন্ডাস্ট্রির তারকা আসবেন, উপস্থিত থাকবেন তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বও। প্রসঙ্গত ২০১৮ সালে 'গীত গোবিন্দম' ছবির সেটে আলাপ হয় বিজয় এবং রশ্মিকার। সেই আলাপ গড়ায় বন্ধুত্ব এবং প্রেমে। যদিও সাত পাকে বাঁধা পড়ার আগে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এই তারকা জুটি।
ইরান-ইজরায়েলের সংঘাতের মাঝে কেমন আছেন নোরা?
ইরান এবং ইজরায়েলের মধ্যে বর্তমানে চলতে থাকা সংঘাতের প্রকোপ পড়েছে দুবাইয়েও। সেখানেও চলেছে বোমাবর্ষণ। আর এই শহরেই থাকেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী নোরা ফতেহি। স্বাভাবিকভাবেই দুবাই থেকে নানা বিস্ফোরণের খবর আসার পর অভিনেত্রীর অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন তাঁকে নিয়ে। যদিও অভিনেত্রী জানিয়েছেন তিনি ঠিক আছেন। বর্তমানে তিনি ভারতেই আছেন। ফলে দুশ্চিন্তার কোনও কারণ নেই। ১ মার্চ তিনি নিজের আপডেট জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। নোরা নিজে সুস্থ থাকলেও, মধ্য প্রাচ্যে যা ঘটছে তা নিয়ে তিনি শঙ্কিত বলেই জানিয়েছেন। এত ট্র্যাজেডি, সংঘাত চান না, মন্তব্য নোরার।
https://www.instagram.com/reels/DVVyoMWjJK5/
মুক্তি পেতেই জাঁকিয়ে ব্যবসা 'দ্য কেরালা স্টোরি ২' -এর!
অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে বড়পর্দায় মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি ২'। এখনও পর্যন্ত ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, যদিও অধিকাংশ প্রতিক্রিয়াই নেতিবাচক। তবে মুক্তি পেতেই বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করল। প্রথম দিনই 'দ্য কেরালা স্টোরি ২' বক্স অফিসে ৪ কোটি ৬৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার সেই আয়ের পরিমাণ সামান্য কমে হয় ৪ কোটি ৫১ লাখ টাকা। ফলে দু'দিনে ছবিটি মোট ৯ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে।
