যেন কোনও মহাকাব্যের শুটিং। বিজয় দেবেরাকোণ্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ের ছবি দেখে অনেকেরই এটা মনে হয়েছে। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে বসেছিল তাঁদের বিবাহ বাসর। কিন্তু ভিরোশের বিয়ে একদিকে যখন ট্রেন্ডিং, তখন এই তারকা জুটির মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?
রিপোর্ট অনুযায়ী রশ্মিকা মন্দানা একাই ৬৬ কোটি টাকার সম্পত্তির মালকিন। তিনি এক একটি ছবি করতে ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন গড়ে। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপন, বাণিজ্যিক কোলাবোরেশন তো আছেই। রয়েছে তাঁর নিজস্ব সুগন্ধি ব্র্যান্ড ডিয়ার ডায়েরি বাই রশ্মিকা মন্দানা।
ভারতের বিভিন্ন জায়গায় রশ্মিকা মন্দানার বাড়ি রয়েছে। বেঙ্গালুরুতে ৮ কোটি টাকার একটি বাড়ি রয়েছে তাঁর। এছাড়া হায়দরাবাদ, গোয়া, মুম্বই এবং তাঁর নিজের বাড়ি কুর্গেও বাড়ি রয়েছে। কুর্গে একটি ৮ কোটি টাকার ভিলা রয়েছে অভিনেত্রীর। গাড়ির কথা বললে রশ্মিকা মন্দানার রেঞ্জ রোভার স্পোর্ট, অডি কিউ ৩, মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস, টয়োটা ইনোভা, হুন্ডাই ক্রেটা রয়েছে।
অন্যদিকে বিজয় দেবেরাকোণ্ডাও প্রায় ৬৬ থেকে ৭০ কোটি টাকার মালিক। অভিনেতা এক একটি ছবির জন্য ১২ থেকে ১৫ কোটি টাকা নেন। এছাড়া বিজ্ঞাপন, সামাজিক মাধ্যম, ইত্যাদি থেকেও উপার্জন করেন। এক একটি সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন পোস্ট থেকে তিনি ৪০ লাখ টাকা আয় করেন প্রায়। এছাড়া তাঁর নিজের একটি পোশাকের ব্র্যান্ড রয়েছে। হায়দরাবাদের ভলিবল টিমের মালিক তিনি। সেখান থেকেও মোটা টাকা উপার্জন করেন।
বিজয়ের হায়দরাবাদের জুবিলি হিলসে ১৫ কোটি টাকার একটি বিলাসবহুল বাংলো আছে। এছাড়া তাঁর কাছে বিএমডাবলু ৫ সিরিজের গাড়ি সহ ফোর্ড মাস্ট্যাং, ভলভো এক্সসি ৯০, রেঞ্জ রোভার রয়েছে। একটি প্রাইভেট জেটের মালিক তিনি যেটার দাম প্রায় ৩০ কোটি টাকা।
ফলে বিজয় এবং রশ্মিকার যৌথ সম্পত্তি প্রায় ১৩০ কোটি টাকার কাছাকাছি। বিয়ের পর অভিনেত্রী ইনস্টাগ্রামে ৪০ মিলিয়নের বেশি নতুন ফলোয়ার পেয়েছেন। তাঁরা হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, ইত্যাদি ভাষার ছবিতে কাজ করেছেন।
২০১৮ সালে 'গীত গোবিন্দম' ছবি করতে গিয়ে আলাপ হয় বিজয় দেবেরাকোণ্ডা এবং রশ্মিকা মন্দানার। সেই আলাপ গড়ায় বন্ধুত্ব এবং তারপর প্রেমে। যদিও নিজেদের বরাবরই তাঁরা ভাল বন্ধু বলে পরিচয় দিয়েছেন। বিয়ের মাত্র কদিন আগেই নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দেন।
