প্রয়াত হলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর( Suman Kalyanpur)। রবিবার মুম্বইয়ের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

 তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা সঙ্গীত জগতে। ভারতীয় সঙ্গীত জগতের এক স্বর্ণযুগের অবসান। দীর্ঘ সঙ্গীতজীবনে হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, অসমিয়া-সহ একাধিক ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন সুমন কল্যাণপুর। তাঁর সুমধুর গায়কীর কারণে জনপ্রিয় হয়ে উঠেছিলেন৷

১৯৩৭ সালের ২৮ জানুয়ারি তৎকালীন ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন সুমন কল্যাণপুর। পরবর্তীকালে তাঁর পরিবার মুম্বইয়ে চলে আসে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহ ছিল। শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়ে ধীরে ধীরে সিনেমার গানের জগতে নিজের পরিচিতি তৈরি করেন সুমন কল্যাণপুর৷ 

 ১৯৫০- ৬০-এর দশকে মহম্মদ রফি মুকেশ-সহ একাধিক কিংবদন্তি শিল্পীর সঙ্গে গান গেয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন সুমন কল্যাণপুর। তাঁর গাওয়া ‘না তুম হমে জানো’, ‘আজ কাল তেরে মেরে পেয়ার কে চর্চে’, ‘তুমনে পুকারা অউর হাম চলে আয়ে’-র মতো গান আজও মানুষের মন জয় করে৷ কয়েক দশক পেরিয়ে গেলেও তাঁর কণ্ঠের আবেদন একটুও কমেনি।

 ২০০৯ সালে মহারাষ্ট্র সরকারের লতা মঙ্গেশকর পুরস্কার এবং ২০২৩ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পান সুমন কল্যাণপুর। তাঁর মৃত্যুতে শোকাহত শরদ পাওয়ার৷ এই ক্ষতিকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। বিশিষ্টজনেরাও শোকপ্রকাশ করেছেন শিল্পীর মৃত্যুতে৷