নব্বইয়ের দশকে বলিউডের উপর আন্ডারওয়ার্ল্ডের কালো ছায়া ছিল যেন রোজকার ঘটনা। সেই সময়ের বহু তারকাই দুবাই বা স্থানীয় গ্যাংস্টারদের হুমকির মুখে পড়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার তেমনই এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শোনালেন বলিউড অভিনেতা বরুণ ধওয়ান। শুধু তাই নয়, সেই ভয়াবহ পরিস্থিতির মাঝে তাঁর বাড়ির এক কর্মীর অদম্য সাহসের গল্পও ভাগ করে নিলেন তিনি।

বরুণ ধওয়ান জানিয়েছেন যে সেই সময়ে অনেক তারকাই আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকির ফোন পাচ্ছিলেন। তিনি বলেন, "আমরাও পাচ্ছিলাম। বেশ কিছুদিন ধরেই এমন ফোন আসছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি কারণ আমাদের কর্মীরা ফোন করা ব্যক্তির সঙ্গে তর্ক জুড়ে দিচ্ছিল। এমনকী কর্মীরা আমাদের বাড়ির পুরো ঠিকানাও দিয়ে দিয়েছিল এবং বলেছিল, বাড়ির বাগানে এসে দেখা কর, তোকে ওখানে পিটিয়ে ঠান্ডা করব।"

তিনি আরও জানান যে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন একজন অভিনেতা তাঁর বাবা পরিচালক ডেভিড ধওয়ানকে ফোন করে সতর্ক করেন। বরুণের কথায়, "তিনি (সেই অভিনেতা) বলেছিলেন যে ব্যাপারটা হাতের বাইরে চলে গিয়েছে এবং ওই ব্যক্তি এখন বলছে সে বন্দুক নিয়ে আসবে, কারণ সে আমাদের ঠিকানা আর অফিসের সময় জেনে গিয়েছে। বাবা যখন জিজ্ঞাসা করলেন এসব কে বলেছে, তখন ওই অভিনেতা আমাদের এক কর্মীর নাম নেন। বাধ্য হয়ে সেদিন আমাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে হয়েছিল। এটা শুনতে এখন মজার মনে হলেও আসলে মোটেও মজার ছিল না।"

প্রসঙ্গত, বরুণকে শেষবার দেখা গিয়েছে অনুরাগ সিং পরিচালিত 'বর্ডার ২' ছবিতে। সানি দেওল, দিলজিৎ দোসাঞ্ঝ এবং আহান শেঠি অভিনীত এই ছবিটি বিশ্বজুড়ে ৪৫০ কোটি টাকা আয় করে দারুণ সাফল্য পেয়েছে। বর্তমানে বরুণ তাঁর আসন্ন রোমান্টিক কমেডি ছবি 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' মুক্তির অপেক্ষায় আছেন। ডেভিড ধাওয়ানের পরিচালনায় এই ছবিতে বরুণের সঙ্গে দেখা যাবে পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুরকে। 'ম্যায় তেরা হিরো', 'জুড়ওয়া ২' ও 'কুলি নম্বর ওয়ান'-এর পর এই ছবিই বাবা-ছেলে জুটির চতুর্থ ছবি হতে চলেছে।