বহু বছর পর ওটিটির পর্দায় ফিরছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। দুর্গাপুজোর আবহে আসছে এক জমজমাট থ্রিলার সিরিজ। হইচই-এর পর্দায় আসছে এই সিরিজ। অপরাজিতা ছাড়াও এই ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে উষসী রায়, সুস্মিত মুখার্জি, নীলাঙ্কুর মুখার্জি, দেবদত্ত রাহা সহ আরও অনেককে।
ছোটপর্দার বহু পরিচিত মুখকে দেখা যেতে চলেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই সিরিজের। রহস্যের দুনিয়ায় এবার সত্যি উন্মোচন হবে, তা যদিও জানা যায়নি। এখনও চূড়ান্ত হয়নি এই সিরিজের নাম। জানা যাচ্ছে, সাহানা দত্তর প্রযোজনা সংস্থা মিসিং স্ক্রু-র ব্যানারে আসছে এই গল্প।
এই সিরিজের মাধ্যমে ফের একফ্রেমে ধরা দেবে উষসী ও সুস্মিত। তাঁদের দর্শক জুটি হিসেবে দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক 'গৃহপ্রবেশ'-এ। ওই ধারাবাহিকের মাধ্যমে দারুণ জনপ্রিয় হয়েছিল উষসী ও সুস্মিতের জুটি। তাঁদের অনুরাগীদের ধারণা, এই জুটির রসায়ন বাস্তবেও নাকি গড়িয়েছে। যদিও সেই বিষয়ে এখনও সিলমোহর দেননি দু'জনের কেউই।
এদিকে, ছোটপর্দায় বেশ নাম করেছেন নীলাঙ্কুর। তাঁকে দর্শক দেখেছিলেন 'রাঙামতি তীরন্দাজ'-এর নায়কের চরিত্রে। ওই ধারাবাহিক শেষ হওয়ার পরেই আবার নতুন চরিত্রে ফিরছেন অভিনেতা। ক'দিন আগেই জি ফাইভ বাংলায় মুক্তি পেয়েছে রোমান্টিক-কমেডি ঘরানার সিরিজ 'প্রেম শটস'। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে দেবদত্ত রাহাকে। তিনিও ওটিটি থেকে বড়পর্দার পরিচিত মুখ।
অপরাজিতা আঢ্যকে এর আগে হইচই-এর পর্দায় গোয়েন্দা চরিত্রে দেখেছিলেন দর্শক। 'ডিটেক্টিভ বৌমা'র চরিত্রে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার তাঁকে কোন চরিত্রে দেখা যাবে, সেটা প্রশ্ন থেকে যায়। পুজোর সময় থ্রিলার সিরিজে কোন রহস্য ঘনীভূত হবে, সেটাই দেখার।
















