পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের আবহে এবার টানাহেঁচড়া শুরু হল জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও এবং তার সঙ্গে জুড়ে দেওয়া ‘বিভ্রান্তিকর’ তথ্য নিয়ে রীতিমতো ক্ষুব্ধ গায়িকা। অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেসের পরাজয় উদযাপন করতে তিনি তাঁর জনপ্রিয় গান ‘দিদি’ গেয়েছেন এবং ‘কাটমানি’র ভয়ে তিনি নাকি কলকাতা ছেড়ে মুম্বই চলে গিয়েছিলেন। এই সমস্ত দাবিকে ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যে’ বলে উড়িয়ে দিয়ে কড়া বিবৃতি জারি করেছেন ঊষা উত্থুপ।
সম্প্রতি, এক নেটিজেন ঊষা উত্থুপের ‘দিদি’ গান গাওয়ার একটি পুরনো ভিডিও শেয়ার করে লেখেন, “বাংলা থেকে দিদি বিদায় নিচ্ছেন, তাই ‘দিদি গো’ গেয়ে আনন্দ করছেন ঊষা উত্তুপ। মনে রাখা দরকার, তৃণমূল জমানায় তাঁর কাছেও নাকি কাটমানি চাওয়া হয়েছিল, যার জেরে বিরক্ত হয়ে তিনি মুম্বই চলে গিয়েছিলেন। এখন তিনি আবার কলকাতায় ফিরেছেন।”এই পোস্টটি মুহূর্তের মধ্যে টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে যায়, যা নিয়ে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক।
জল্পনায় জল ঢালতে দেরি করেননি পপ-কুইন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ বিবৃতি শেয়ার করে তিনি সাফ বলেন, “যে গানটি নিয়ে বিতর্ক হচ্ছে, সেটি একটি আরবি সুরের অনুপ্রেরণায় তৈরি বাংলা গান। আমি গত ২৫-২৬ বছর ধরে এই গানটি গাইছি। এর সঙ্গে সাম্প্রতিক রাজনীতির কোনো সম্পর্ক নেই।” বর্ষীয়ান শিল্পী জানান তিনি মোটেও কলকাতা ছাড়েননি - “আমি ১৯৭৬ সাল থেকে এই শহরে আছি। কোনওদিন কলকাতা ছেড়ে মুম্বই চলে যাইনি। কলকাতা আমার ঘর ছিল এবং থাকবেও। দয়া করে আমাকে নিয়ে মিথ্যে রটাবেন না।”তিনি আরও যোগ করেন, “যাঁরা এই পোস্টটি ছড়িয়েছেন, সেই মন্তব্য বা ব্যাখ্যার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমাকে অহেতুক এমন কোনো বিতর্কে জড়াবেন না যার সঙ্গে আমি যুক্ত নই।”















