টলিপাড়ায় বাড়ছে কাজের সুযোগ। আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম। সব সময়-এর হাত ধরে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ সিরিজ থেকে সিনেমা। মউ স্বাক্ষরিত হয়েছে মেল মুভিস এন্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড (এমইএল)-এর সঙ্গে। যার মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রির টেকনিয়ানদের কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ফেডারেশন। ‘সব সময়’ প্ল্যাটফর্মে ২৫টি কনটেন্ট থাকবে অর্থাৎ প্রায় ১২৫ থেকে ১৩০টি এপিসোডের শুটিং হবে।ফলে বহু টেকনিশিয়ানের কাজের সুযোগ মিলবে বলে জানিয়েছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।
এই ওটিটি প্ল্যাটফর্ম মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ওটিটির জন্য বেশ কয়েকটি সিরিজের কাজ। টলিউডের বহু পরিচালক যুক্ত হয়েছেন এই নতুন ওটিটির সঙ্গে। সেখানেই মৈনাক ভৌমিকের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ ‘বিদায়’। মনস্তাত্ত্বিক ভয় এবং অতিপ্রাকৃত রহস্যের মিশেলে তৈরি এই ডার্ক ড্রামাটি মুক্তি পেতে চলেছে বাংলার প্রথম হাইব্রিড ওটিটি প্ল্যাটফর্ম ‘সবসময়’-এ। বর্তমানে সিরিজের শুটিং চলছে পুরোদমে। গল্পের কেন্দ্রে রয়েছেন কলকাতার একজন ‘ওয়েডিং ফটোগ্রাফার’। বহু বছর পর আচমকাই তার প্রাক্তনের সঙ্গে ফের যোগাযোগ হয়। তারপর তার পুরনো পৈতৃক বাড়িতে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে যায় সে। কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করতে শুরু করে যে, এই পুনর্মিলন মোটেও কোনও সুখকর নয়, বরং এমন এক অন্ধকার ও ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, যার কল্পনাও সে আগে করেনি।
সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুষা বিশ্বনাথন ও শাওন চক্রবর্তী। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এনাক্ষী গাঙ্গুলি। তিনি এর আগে ‘ধুরন্ধর’-এ সারা অর্জুনের সঙ্গে কাজ করে নজর কেড়েছিলেন।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অনুষা বলেন, “বিদায়-এর প্রস্তুতি এবং শুটিং পর্বটা আমার কাছে একদম ম্যাজিকাল একটা অভিজ্ঞতা। শুধু গল্পের খাতিরে নয়, টিমের প্রত্যেকের দারুণ কাজের জন্যই এটা সম্ভব হয়েছে। শাওন খুব ভাল একজন সহ-অভিনেতা। পুরো টিমটাই ছিল চমৎকার। তবে আমাদের পরিচালক মৈনাক ভৌমিক যদি পথ না দেখাতেন, তবে এই কাজটা শেষ করে ওঠার পরে আমাদের মনে যে স্মৃতি রয়ে গিয়েছে, তা হয়তো সম্ভব হত না।”
উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম ‘সবসময়’ বাংলার দর্শকদের কাছে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের কনটেন্ট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। বিনোদনকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসাই এই নতুন প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। এই ওটিটি প্ল্যাটফর্ম মুক্তির অপেক্ষায় রয়েছে, সঙ্গে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিরিজও।
