হুলস্থুল কাণ্ড স্টার জলসার ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'তে। দাউদাউ করে আগুন জ্বলে উঠল শুটিং ফ্লোরে। কীভাবে? আসলে পুরোটাই দেখা যাবে ধারাবাহিকের আগামী পর্বে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, রাহি ও রাহুল একটা ঘরে আটকে পড়েছে। শুধু তারা দু'জনেই নয়, ওই ঘরে আটকে পড়েছিল কয়েকজন ছোট শিশুও। তাদের বাঁচাতে আগুন উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ে রাহুল। বিপদের আশঙ্কা করে রাহুলকে বাধা দেয় রাহি। কিন্তু রাহির বারণ না শুনে তাকেও আগুন থেকে বাঁচতে ঘরে থেকে বেরিয়ে যেতে বলে রাহুল। এদিকে আবার, রাহুলকে বিপদের মুখে একা ফেলে যেতে চায় না রাহি। আগুনের তাপ আরও বাড়তে থাকে। কী হবে দু'জনের? কীভাবে উদ্ধার হবে তারা? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
কিছুদিন আগেই আর একটি প্রোমো প্রকাশ্যে এসেছিল। তখন জানা গিয়েছিল, রাহুলের সঙ্গে তিতলির বিয়ে ভেঙে যাবে। মণ্ডপে তিতলি বিয়ে ভেঙে চলে যায়। বাধা পড়ে রাহির বিয়েতেও। তাই দুই পরিবারের সম্মান বাঁচাতে রাহুলের বাবা তাকে অনুরোধ করে সে যেন রাহিকে বিয়ে করে। রাহি জানিয়ে দেয়, সে এই বিয়ে কিছুতেই করতে পারবে না। কারণ, সে জানে রাহুল তার বোন তিতলিকে ভালবাসে। এটা জানার পরেও সে কিছুতেই এই বিয়ে করবে না বলে জানায়। রাহুল কিছু বলতে পারে না, চুপ করে থাকে। কী হবে তাদের ভবিষ্যৎ? জানার জন্য অপেক্ষায় থাকেন ধারাবাহিকের অনুরাগীরা।
প্রসঙ্গত, ১৬ মার্চ থেকে এই পরিবর্তন হয়েছে এই মেগার টাইম স্লটের। এতদিন বিকেল সাড়ে পাঁচটায় দেখা যেত 'শুধু তোমারই জন্য'। এবার তা চলে যাচ্ছে সাড়ে দশটার সময়ে। এতদিন এই সময়ে দর্শক দেখতেন 'ভোলেবাবা পার করেগা'র দ্বিতীয় সিজন। এই ধারাবাহিককে এখন থেকে দেখা যাচ্ছে সাড়ে পাঁচটায়।
