রঙের মেলায় চেনাও যেন অচেনা হয়ে উঠেছে। তাই চোখে ধাঁধা লেগে যায় রাহুলের। তিতলি ভেবে আবারও সে ভুল করে রাহির দিকেই আবির নিয়ে এগিয়ে যায়। তারপরেই স্টার জলসার ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'তে ঘটে এক ভয়ঙ্কর কাণ্ড। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, রাহিকে তিতলি ভেবে আবারও ভুল করে রাহুল। মুখোমুখি হতেই ভিড়ের মাঝে একজনের সঙ্গে ধাক্কা লাগে তিতলির। সামলাতে না পেরে রাহুলকে নিয়েই সে পড়ে যায় জলে। 

জল থেকে উঠতে গিয়ে হাতের চাপে একটা মাটির ভাঁড়ে কেটে যায় রাহুলের। রাহিও ভিজে গিয়ে অস্বস্তিতে পড়ে। সেটা বুঝতে পেরে নিজের কোট খুলে রাহিকে দেয় রাহুল। রাহুলের কাটা হাতে নিজের ওড়না ছিঁড়ে ব্যান্ডেজ করে দেয় তিতলি। তখন তার থেকে জানতে চায়, সে তো অন্য কাউকে ভালবাসে, তাহলে কেন বারবার তার মুখোমুখি হয় সে? রাহির এই প্রশ্নের জবাব দিতে পারে না রাহুল। কারণ, এই একই প্রশ্ন চলছে তার মনেও। 

কী হবে দু'জনের ভবিষ্যৎ? ভাগ্যের ফেরে রাহির সঙ্গেই কি বিয়ে হবে রাহুলের? কবে আসবে সেই টানটান উত্তেজনাপূর্ণ পর্ব? উত্তরের অপেক্ষায় দর্শক মহল। 

এদিকে, কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছে তিতলির বিয়ে ঠিক হয়েছে। আর সেই খবর রাহুলের এক বন্ধু তাকে জানায়। তিতলিকে এক দেখায় পছন্দ হলেও মুখ ফুটে এখনও পর্যন্ত তাকে বলতে পারেনি রাহুল। এদিকে, নিয়তির ফেরে বারবার তিতলির বদলে রাহির সঙ্গেই দেখা হয়ে যায় তার। রাহুল বারবার মনের কথা জানাতে চায় তিতলিকে। কিন্তু ঘটনাচক্রে তিতলির কাছে নয়, বরং রাহির কাছে পৌঁছে যাচ্ছে তার প্রেমের বার্তা। এটা কি নিছকই কোনও কাকতালীয় ঘটনা? নাকি এর পিছনে রয়েছে নিয়তির লিখন? তা জানার জন্য চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বে।


প্রসঙ্গত, এখন দর্শকরা ধরে ফেলেছেন এটা আদতে একটি হিন্দি ধারাবাহিক 'উড়ারিয়ান'-এর রিমেক। তবে এই ধারা নতুন নয়। আগেও একাধিক বাংলা ধারাবাহিক হিন্দি ধারাবাহিকের নকল করে বানানো হয়েছে বা উল্টোটা। তাতে নতুন নাম সংযোজন হল, 'শুধু তোমারই জন্য'। শুভ্রজিৎ সাহা এবং দীপান্বিতা রক্ষিত দু'জনেই ছোটপর্দার চেনা মুখ। তবে মন্দিরা মূলত মডেল। তাঁদের তিনজনের এই রসায়ন কেমন জমে পর্দায়, বা গল্প কোন দিকে বয় সেদিকে নজর থাকবে। 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকটি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে।