বিরাট চমক আসছে স্টার জলসার সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'তে। 'আমেরিকান বরের বাঙালি বউ' প্রতিযোগিতায় বোন তিতলির হয়ে নাম দিয়েছে রাহি। প্রতিযোগিতায় রয়েছে তিতলিও।‌ রাহির যোগ্যতা দেখে প্রতিযোগিতার আয়োজকরা ভাবে সে নিশ্চয়ই ফাইনালে পৌঁছবে। তবে এর মাঝেই জন রাহির প্রোফাইল ঘেঁটে একটা ছক কষে ফেলে। সে জানতে পারে রাহির কাছে প্রায় দেড়শো ভরি সোনার গয়না আছে। তাই রাহিকে এই বছরের টার্গেট হিসেবে দেখে সে। এই প্রতিযোগিতায় নাম দিয়ে কি বিপদের মুখে পড়বে রাহি? আর তিতলির আমেরিকা যাওয়ার স্বপ্ন কি তাহলে অধরাই থেকে যাবে? 

সম্প্রতি সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো যা দেখে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে। খুব বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিক। তবে ইতিমধ্যেই তা দর্শকের মনে একটু একটু করে জায়গা করে নিয়েছে।


গল্পে ফুটে উঠছে এক ত্রিকোণ প্রেমের ছবি। গল্পে 'রাহুল' অর্থাৎ শুভ্রজিৎ সাহা বহু বঙ্গ তনয়ার ক্রাশ। সুদর্শন, আকর্ষণীয় ব্যক্তিত্ব। তবে গল্প অনুযায়ী মেয়েরা যতই তাকে চাক, সে ভালবাসে একজনকেই, তিতলি। এই চরিত্রে দেখা যাচ্ছে মন্দিরা দেবনাথকে। মন্দিরা চায় আমেরিকা যেতে। যে তাকে আমেরিকা নিয়ে যাবে তার সঙ্গেই প্রেম, বিয়ে করবে সে। আর ত্রিকোণ প্রেমের তিন নম্বর কোণে রয়েছে 'রাহি' অর্থাৎ দীপান্বিতা রক্ষিত। 


রাহি পড়াশোনায় ভাল, সে পিএইচডি করবে। কিন্তু দেশের বাইরে যাওয়ার অফার এলে নাকচ করে জানিয়ে দেয় দেশে থেকেই পড়াশোনা শেষ করতে চায়। কিন্তু ধারাবাহিকের গল্প শুরু হতেই এসেছে টুইস্ট। দেখা যাচ্ছে তিতলিকে এক দেখাতেই ভাল লেগে গিয়েছে রাহুলের। আর তারপরেই সে বারবার মনের কথা জানাতে চায় তিতলিকে। কিন্তু ঘটনাচক্রে তিতলির কাছে নয়, বরং রাহির কাছে পৌঁছে যাচ্ছে তার প্রেমের বার্তা। এটা কি নিছকই কোনও কাকতালীয় ঘটনা? নাকি এর পিছনে রয়েছে নিয়তির লিখন? তা জানার জন্য চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই দর্শক মহল ধরে ফেলেছে এটা আদতে একটি হিন্দি ধারাবাহিক 'উড়ারিয়ান'-এর রিমেক। তবে এই ধারা নতুন নয়। আগেও একাধিক বাংলা ধারাবাহিক হিন্দি ধারাবাহিকের নকল করে বানানো হয়েছে বা উল্টোটা। তাতে নতুন নাম সংযোজন হল, 'শুধু তোমারই জন্য'। শুভ্রজিৎ সাহা এবং দীপান্বিতা রক্ষিত দু'জনেই ছোটপর্দার চেনা মুখ। তবে মন্দিরা মূলত মডেল। তাঁদের তিনজনের এই রসায়ন কেমন জমে পর্দায়, বা গল্প কোন দিকে বয় সেদিকে নজর থাকবে। 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকটি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে।