বিরাট চমক আসছে স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'তে। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল কোর্ট চত্বরে মুখোমুখি দীপ ও ঝাঁপি। দীপ যখন তার থেকে জানতে চায় কেন সে ডিভোর্স পেপারে সই করল না, ঝাঁপি জানায় কোনও মিথ্যে দোষ নিয়ে সে সংসার ছাড়বে না। বরং সে উল্টে প্রমাণ করে দেবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। কিন্তু সেখানেই ইনকার এন্ট্রি হয়। সে ঝাঁপিকে জানায়, দীপের মনে ওর জন্য আর কোনও অনুভূতি নেই। তবে এই কথা শুনে দমে যায় না নায়িকা।
ঝাঁপি ইনকাকে পাল্টা জবাব দিয়ে জানায়, সে কিছুতেই তাকে সফল হতে দেবে না। তার শ্বশুর বাড়ি দখল করতে দেবে না। বরং সে প্রাণ দিয়ে হলেও তার ভালবাসার মানুষদের আগলে রাখবে। তাই ইনকাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় সে। এদিকে, ইনকাকে কিছুই বলে না সে। বরং রেগে গিয়ে দীপ জানায়, ডিভোর্স সে দিয়েই ছাড়বে। অন্যদিকে, ঝাঁপিও জানায়, এই ডিভোর্স সে হতে দেবে না। কী হবে এরপর? ইনকার ষড়যন্ত্রের কারণে কি তবে সত্যিই ভাঙবে তাদের সংসার? মিথ্যে হবে ভালবাসা? নাকি সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণ করে ফের কাছাকাছি আসবে দীপ আর ঝাঁপি? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
দীপ-ঝাঁপির খুনসুটি দেখতে শুরু থেকেই ভালবাসেন দর্শক। কিন্তু গল্পের মোড়ে যে আলাদা হবে তারা, তা মোটেই আশা করেননি অনুরাগীরা। তাই এই প্রোমো প্রকাশ্যে আসতেই বেশ চিন্তায় পড়েছেন অনুরাগীরা। দীপ-ঝাঁপি যাতে আলাদা না হয়, যেন মিল হয় তাদের এমনটাই চাইছেন দর্শক। কিন্তু আগামীতে কোন নতুন মোড় আসবে এই ধারাবাহিকে, সেটাই দেখার।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তী। 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিক থেকে নজর কেড়েছেন শুভস্মিতা, অন্যদিকে সৌরভ দীর্ঘদিন পর পরিচালনা থেকে অভিনয়ে এলেন। স্টার জলসার পর্দায় প্রতিদিন দেখা যায় এই ধারাবাহিক। রোজ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সম্প্রচারিত হয় এই মেগা।
