বিরাট মোড় আসতে চলেছে স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'তে। ধারাবাহিকে দীপ ও ঝাঁপির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সৌরভ চক্রবর্তী ও অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়কে। গল্পে নায়ক-নায়িকার মাঝে এসেছে তৃতীয় ব্যক্তি। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল যে দীপ ও ঝাঁপি একটুর জন্য গুণ্ডাদের হাত থেকে প্রাণে বেঁচে ফিরেছে। আর তখনই ঝাঁপির সঙ্গে ধাক্কা লাগে একজনের, দু'জনেই মাটিতে পড়ে যায়। দীপ ওই ব্যক্তিকে চিনতে পারে। সে তাদের পরিচিত, নাম ঋষভ। দীপ তাকে জিজ্ঞেস করে যে এতদিন পর ঋষভ এখানে কী করছে? জবাবটা ঝাঁপিই দেয়। সে জানায়, দীপ তার ব্যাঙ্কের সিইও হিসেবে জয়েন করেছে।
এরপর দেখা যায় ঋষভ গিটার বাজিয়ে গান গাইছে ব্যাঙ্কের ভিতরে। শুধু তাই-ই নয়, গানের ফাঁকে ঝাঁপির সঙ্গে খুনসুটিও চলছে তার। এটা কিছুতেই সহ্য করতে পারে না দীপ। সে চিৎকার করে গান থামাতে বলে। কিন্তু তাতে বাধা দেয় ঝাঁপি। সে জানায়, তার নিজস্ব ব্যাঙ্ক তাই এর পরিবেশ নিয়ে দীপের ভাবার কোনও প্রয়োজন নেই।
ঝাঁপির এই কথায় দীপ অপমানিত বোধ করে। কিন্তু মুখে কিছু বলতে পারে না। এদিকে দীপ-ঝাঁপির দূরত্ব আরও বাড়তে থাকে। ইনকা এবার তাদের বাড়িতে উঠে এসেছে। সে ষড়যন্ত্র করে দীপের থেকে ঝাঁপিকে আলাদা করে দেওয়ার। আর ঠিক সেটাই হয়। ঝাঁপির সামনেই দীপ ঠাম্মিকে জানায়, বাড়ির ভিতরের সমস্যায় বাইরের লোকের থাকার কোনও দরকার নেই। অপমানে লাগে ঝাঁপির। সে বাড়ি ভাড়ার টাকা দীপের হাতে তুলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দীপ পিছু পিছু গিয়ে দেখে ঝাঁপি তার ব্যাঙ্কে এসেছে। তাকে ঋষভ সামলাচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই দেখে দীপ রেগে আগুন হয়ে যায়। তাহলে কি সত্যিই দীপ-ঝাঁপির সম্পর্কে ভাঙন ধরাবে ঋষভ? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?
প্রসঙ্গত, 'ঋষভ'-এর চরিত্রে গল্পে এন্ট্রি নিচ্ছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। তাঁকে এতদিন দর্শক স্টার জলসার আরও এক ধারাবাহিক 'গৃহপ্রবেশ'-এ দেখছিলেন। ওই মেগায় তাঁর চরিত্রের নাম 'আকাশ সেন'। তবে টলিপাড়ার অন্দরের খবর, 'গৃহপ্রবেশ' খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। ইতিমধ্যেই শেষদিনের শুটিংও হয়ে গিয়েছে। তাই নতুন চরিত্রে ধরা দিলেন সপ্তর্ষি।
