ফের বিপদ ঘনিয়ে আসছে দীপ ও ঝাঁপির জীবনে। এবার তাঁদের সংসারকে বিপাকে ফেলতে এসেছে ঝুমা। কিছুদিন আগেই সে সুবলা সেজে কাজ করতে আসে ঝাঁপিদের বাড়িতে। সেখানে সিসিটিভির ফুটেজ সরানোর চেষ্টাও করে সে। সেটা ইতিমধ্যেই বুঝতে পেরে যায় ঝাঁপি। সে তড়িঘড়ি রেশন দোকানে গিয়ে ঝুমার মুখোমুখি হয়।‌ ঝুমার মুখ থেকে কি আসল সত্যিটা বের করতে পারবে ঝাঁপি? ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্বের প্রোমো। আবারও কি নতুন বিপদের মুখে পড়ে হাবুডুবু খাবে ঝাঁপি? নাকি দীপের সাহায্যে ঠিক এবারও উদ্ধার হয়ে যাবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

ইনকার আরও একটা নতুন ষড়যন্ত্রের শিকার হতে চলেছে ঝাঁপি। স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'র গল্পে আসতে চলেছে নতুন এক মোড়।‌ কিছুদিন আগেই সামনে এসেছিল ধারাবাহিকের নতুন মোড়। সেখানে দেখা গিয়েছিল, ঘরের ভিতরে দীপকে জড়িয়ে ধরে আছে ইনকা।‌ বরকে অন্য মেয়ের সঙ্গে এই অবস্থায় দেখে রাগে ফেটে পড়ে ঝাঁপি। ঝাঁপি চিৎকার করে ওঠে দীপের উপর। ঝাঁপি জানতে চায় ইনকা কেন দীপকে জড়িয়ে ধরেছে? কে তাকে এত বড় সাহস দিল? 

ইনকা কিছু না বললেও মোক্ষম জবাবটা দীপই ঝাঁপিকে দেয়। দীপ বলে, যে নিজের বরকে ঠকায় তাকে এত কৈফিয়ত সে দিতে পারবে না। আর এই একে অপরকে জড়িয়ে ধরাটা তার ও ইনকার একান্ত ব্যক্তিগত বিষয়। এই কথা শুনে কেঁদে ফেলে ঝাঁপি। আসলে দীপের কাছে ধরা পড়ে গিয়েছে ঝাঁপির ছদ্মবেশ। সে যে এতদিন মিস মণিকা সেজে দীপের চোখে ধুলো দিয়ে এসেছে, সেটা বুঝতে পেরে ঝাঁপিকে দূরে সরিয়ে দিয়েছে দীপ। 

এই নিয়ে বেশ কয়েকটা পর্ব চলেছে। দীপ-ঝাঁপির ভুল বোঝাবুঝি বাড়তে পর্ব যেন আরও জমে উঠেছিল। তবে কিছুদিন আগেই দীপের অভিমান ভেঙেছে ঝাঁপি। গল্পের মোড়ে আবারও এক হয়েছে তারা। 

প্রসঙ্গত, ধারাবাহিকে দীপ ও ঝাঁপির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সৌরভ চক্রবর্তী ও অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়কে। টলিপাড়ার অন্দরের গুঞ্জন, দু'জন নাকি প্রেম করছেন। আর কিছুদিনের মধ্যেই নাকি বিয়ের পিঁড়িতেও বসবেন তাঁরা। তবে এসব বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে নারাজ দু'জনেই। নিজেদের সম্পর্ককে স্রেফ বন্ধুত্বের তকমাই দিতে চান তাঁরা। তবে সৌরভ-শুভস্মিতার সোশ্যাল মিডিয়া বলছে অন্য কথা!