লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স পাড়ি দিয়েছে কনফারেন্সে। দীপ ও ঝাঁপিকে কায়দা করে ডেকে এনেছে ইনকা ও রণিত। বাড়ির বাইরে এই প্রথমবার দীপের সঙ্গে এসেছে ঝাঁপি। তাই একপ্রকার এই বিজনেস ট্যুর তার কাছে হানিমুনের মতোই। সে মনে মনে দীপকে কাছে পেতে চায়। এদিকে, ঝাঁপির মতিগতি বুঝতে পেরে ভয়ে তটস্থ হয়ে থাকে দীপ। ঝাঁপি কাছাকাছি এলেই আরও সঙ্কোচ বোধ করে সে। কিন্তু ঝাঁপিও ছাড়ার পাত্রী নয়, সে দীপকে ভুলিয়ে কাছাকাছি আসার চেষ্টা করে।
এদিকে, ইনকা ও রণিত তাদের স্বভাব অনুযায়ী আবারও ছক কষতে থাকে। ইনকা চক্রান্ত করে ঝাঁপির ব্যাঙ্ককে কনফারেন্সে না আসতে দেওয়ার কথা ভাবে। এদিকে, কিছুদিন আগে মুক্তি পাওয়া ধারাবাহিকের প্রোমোয় দেখা গিয়েছিল ঝাঁপি ও দীপকে সত্যিই একটা ঘরে আটকে রেখেছে ইনকা। তাহলে কি ঝাঁপির স্বপ্ন অধরাই রয়ে যাবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
এদিকে, নতুন পর্বে দীপ ও ঝাঁপির রোম্যান্স নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শকের মধ্যে। কিন্তু কী হতে চলেছে 'লক্ষ্মী ঝাঁপি'র আগামী পর্বে? দেখার অপেক্ষায় দর্শক। কিছুদিন আগে দীপের কাছে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছিল ঝাঁপি। কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছিল রোজের অভ্যাস মতোই মিস মনিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছে দীপ। মনিকা দীপকে নির্দেশ দিয়ে বলছে, তাকে ঠিক কী কী কাজ করতে হবে, কীভাবে করতে হবে। এও জানায় দীপ এই গোটা কাজটা নিজের মতো করে নিজের টিম বানিয়ে হ্যান্ডেল করবে। যখন দীপ জানতে চায় এই কাজটা সে কোথা থেকে চালাবে, অফিস কোথায় হবে, যেহেতু আগের প্রোমোতেই দেখানো হয়েছিল দীপকে আমেরিকা যেতে বারণ করেছে মনিকা। জানিয়েছে নিজের জায়গা থেকেই কাজ করতে পারবে। দীপের প্রশ্নের জবাবে মনিকা তাকে বলে সেখানেই একটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি আছে, ওখান থেকেই নিজের কাজ হ্যান্ডেল করতে পারে দীপ। কোন কোম্পানি জিজ্ঞেস করলে মনিকা জানায়, কোম্পানি নাম লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স।
এরপরই দেখা যায় ঝাঁপির ননদ, নন্দাই ওকে ঘিরে ধরেছে। মেকআপ নিয়ে কথা বলছে। এমন সময়ই দরজায় টোকা পড়ে। আর খুলতেই দেখা যায় দীপ দাঁড়িয়ে সেখানে। তখন ধরা পড়তে গিয়েও কোনও মতে রেহাই পেয়েছিল সে।
আসলে ঝাঁপিকে মিথ্যে অপবাদ এবং পুলিশের হাত থেকে বাঁচানোর পর বিদেশ চলে যাওয়ার কথা বলে দীপ। এমনকী নায়িকা যখন তাকে লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সে যুক্ত হওয়ার কথা বলে, সেই প্রস্তাবও ফিরিয়ে দেয়। তখন তাকে আটকাতেই এই ফন্দি আঁটে সে। তৈরি করে মনিকার চরিত্র। কিন্তু কতদিন এই মিথ্যে ধরে রাখতে পারবে ঝাঁপি?এবার গল্পে কী ঘটে তাই দেখার।
প্রসঙ্গত, 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় এবং একই সঙ্গে ক্যামেরার সামনে ফিরেছেন সৌরভ চক্রবর্তী। এখানে তাঁর বিপরীতে রয়েছেন শুভস্মিতা মুখোপাধ্যায়। তাঁদের এই নতুন জুটির রসায়ন অল্প দিনেই দর্শকদের মনে দাগ কেটেছে।
