'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকে নতুন করে প্রলয়ের ঝড় উঠতে চলেছে? ঝাঁপির মুখোশ খুলে যাবে দীপের কাছে? তেমনই আভাস দিল এই ধারাবাহিকের নতুন প্রোমো। কী ঘটতে চলেছে স্টার জলসার এই ধারাবাহিকে? আগামী পর্বে দেখা যাবে ঝাঁপি ঠাকুরঘরে লুকিয়ে দীপের সঙ্গে মণিকা সেজে ফোনে ইংরেজিতে কথা বলছে। অন্যদিকে, ঝাঁপির গলার আওয়াজ পেয়ে তার শাশুড়ি দরজার বাইরে থেকে সব শোনার চেষ্টা করে। ঝাঁপি দীপের সঙ্গে কথা বলে বেরিয়ে আসার পর তাকে হাতেনাতে ধরে দীপের মা।

 

ঝাঁপিকে জিজ্ঞাসা করে সে ঠাকুরঘরে লুকিয়ে কার সঙ্গে ইংরেজিতে কথা বলছিল? শাশুড়ির এই প্রশ্ন শুনে ভয় পেয়ে যায় ঝাঁপি। সে মনে মনে ভাবতে থাকে, যদি দীপের কাছে ফাঁস হয়ে যায় তার আসল পরিচয়? তাহলে কী হবে তাদের ভবিষ্যৎ! 

 


যদিও এর আগেও দীপের কাছে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছিল ঝাঁপি। কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছিল রোজের অভ্যাস মতোই মিস মনিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছে দীপ। মনিকা দীপকে নির্দেশ দিয়ে বলছে, তাকে ঠিক কী কী কাজ করতে হবে, কীভাবে করতে হবে। এও জানায় দীপ এই গোটা কাজটা নিজের মতো করে নিজের টিম বানিয়ে হ্যান্ডেল করবে। যখন দীপ জানতে চায় এই কাজটা সে কোথা থেকে চালাবে, অফিস কোথায় হবে, যেহেতু আগের প্রোমোতেই দেখানো হয়েছিল দীপকে আমেরিকা যেতে বারণ করেছে মনিকা। জানিয়েছে নিজের জায়গা থেকেই কাজ করতে পারবে। দীপের প্রশ্নের জবাবে মনিকা তাকে বলে সেখানেই একটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি আছে, ওখান থেকেই নিজের কাজ হ্যান্ডেল করতে পারে দীপ। কোন কোম্পানি জিজ্ঞেস করলে মনিকা জানায়, কোম্পানি নাম লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স। 

এরপরই দেখা যায় ঝাঁপির ননদ, নন্দাই ওকে ঘিরে ধরেছে। মেকআপ নিয়ে কথা বলছে। এমন সময়ই দরজায় টোকা পড়ে। আর খুলতেই দেখা যায় দীপ দাঁড়িয়ে সেখানে। তখন ধরা পড়তে গিয়েও কোনও মতে রেহাই পেয়েছিল সে। 

 

আসলে ঝাঁপিকে মিথ্যে অপবাদ এবং পুলিশের হাত থেকে বাঁচানোর পর বিদেশ চলে যাওয়ার কথা বলে দীপ। এমনকী নায়িকা যখন তাকে লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সে যুক্ত হওয়ার কথা বলে, সেই প্রস্তাবও ফিরিয়ে দেয়। তখন তাকে আটকাতেই এই ফন্দি আঁটে সে। তৈরি করে মনিকার চরিত্র। কিন্তু কতদিন এই মিথ্যে ধরে রাখতে পারবে ঝাঁপি?এবার গল্পে কী ঘটে তাই দেখার। 

 

প্রসঙ্গত, 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় এবং একই সঙ্গে ক্যামেরার সামনে ফিরেছেন সৌরভ চক্রবর্তী। এখানে তাঁর বিপরীতে রয়েছেন শুভস্মিতা মুখোপাধ্যায়। তাঁদের এই নতুন জুটির রসায়ন অল্প দিনেই দর্শকদের মনে দাগ কেটেছে।