জমে উঠেছে 'গৃহপ্রবেশ'-এর পর্ব। স্টার জলসার এই ধারাবাহিকে এবার আসতে চলেছে নতুন মোড়। দেখা যাবে আরিয়া সেই গুণ্ডাদের ধরে এনেছে যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল। গুণ্ডাদের ধরে এনে আরিয়া ওদের মুখ ও হাত বেঁধে রাখে। গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে যায় সে। ঠিক সেই মুহূর্তে আরিয়াকে বাধা দেয় অভিনেতা দেবদত্ত রাহা অভিনীত চরিত্রটি।
এদিকে, শুভলক্ষ্মী ও আদৃত জানতে পারে যে আরিয়াই তাদের হারিয়ে যাওয়া মেয়ে। আকাশ সেন ছোটবেলায় আরিয়াকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আকাশ শুভলক্ষ্মীদের বাড়িতে আসার পর আরিয়া তাকে বাবা বলে ডেকে ওঠে। তারপরেই স্পষ্ট হয় পুরো বিষয়টা। শুভ রেগে গিয়ে আকাশকে চ্যালেঞ্জ করে যে সে এক মাসের মধ্যে আরিয়াকে নিজের কাছে ফিরিয়ে আনবে। সে জানায় তার ও আদৃতের রক্ত বইছে আরিয়ার শরীরে, তাই সে মেয়েকে কিছুতেই আকাশ কেড়ে নিতে পারবে না। কিন্তু শুভ কি পারবে আরিয়ার জেদের কাছে মাতৃত্বের স্নেহকে জিতিয়ে দিতে? নাকি হারিয়ে যাওয়া মেয়েকে কাছে পেয়েও ফের হারিয়ে ফেলবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
এই ধারাবাহিকের গল্পে কেটে গিয়েছে প্রায় ২০ বছর। মেয়েকে হারিয়ে ফেলেছে শুভলক্ষ্মী। হাজার খুঁজেও তাকে পায়নি শুভলক্ষ্মী। বোঝাই যাচ্ছে, স্টার জলসার ধারাবাহিক 'গৃহপ্রবেশ' এগিয়ে গিয়েছে কুড়ি বছর। অর্থাৎ গল্পে বড়সড় লিপ এসেছে। ধারাবাহিকের গল্পে এবার শুভলক্ষ্মীর মেয়েকেও দেখানো হচ্ছে। এই চরিত্রে গল্পে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী।
এখন স্বপ্নিলার চরিত্র 'আরিয়া'কে নিয়েই এগোচ্ছে গল্প। ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে ভালবাসা পাচ্ছে গল্পের এই নতুন মোড়। কিছুদিন আগেই আরিয়ার নায়ক হয়ে ধারাবাহিকে এসেছেন এক পরিচিত মুখ। নতুন নায়কের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা দেবদত্ত রাহাকে।
দেবদত্তকে এর আগে দর্শক দেখেছেন ওটিটির পর্দায়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর পরিচালনায় 'হোক কলরব'। সেই ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। তবে এটাই দেবদত্তর প্রথম ধারাবাহিকে কাজ। স্বপ্নিলার সঙ্গেও জুটি বেঁধে এই প্রথমবার দর্শক দেখছেন তাঁকে।
এতদিন 'গৃহপ্রবেশ'-এর গল্পে শুভলক্ষ্মী ও আদৃতের জীবনের নানা টানাপোড়েনের সাক্ষী থাকতেন দর্শক। তবে এই ২০ বছরের লিপের ফলে গল্পে বেশ পরিবর্তন এসেছে। এখন নতুন নায়ক-নায়িকা আসায় টিআরপিতে কতটা প্রভাব ফেলে এই মেগা সেটাই দেখার।
