অনেক বাধা কাটিয়ে বিয়ে হয়েছে মিঠি ও কৃশাণুর। তাই স্টার জলসার ধারাবাহিক 'চিরসখা'য় এবার নতুন মোড় আসার অপেক্ষায় ছিলেন দর্শক। বরাবরের মতোই অনুরাগীদের নিরাশ করেনি এই মেগা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। দেখা যাচ্ছে, শ্বশুরবাড়ির যাওয়ার আগে কমলিনী মেয়ে-জামাইকে আশীর্বাদ করছে। কৃশাণুর কাছে সে অনুরোধ করে যাতে মিঠিকে সে একটু দেখে রাখে। কৃশাণুও তাকে আশ্বাস দেয় যে, মিঠির কোনও অসুবিধা সে হতে দেবে না।
এদিকে, বর্ষা এখানেও ষড়যন্ত্রের ফাঁদ পাতে। সে মিঠির শ্বশুরবাড়ির হাতে একটা বড় কালো ব্যাগ ধরিয়ে দেয়। জানায়, এই ব্যাগে মিঠির প্রয়োজনীয় কিছু জিনিস আছে। আর ব্যাগটা মিঠির শাশুড়ির হাতে দিয়ে দিতে বলে সে। কিন্তু কী আছে সেই ব্যাগে? এই প্রশ্নের মাঝেই দেখা যায় ইতিমধ্যেই মিঠি শ্বশুরবাড়িতে পা রেখেছে। সে ঢুকতেই শাশুড়ির খিটখিটে মেজাজ লক্ষ্য করে। এর মধ্যে বর্ষার পাঠানো ব্যাগ নিয়ে কোন তুলকালাম বাঁধবে মিঠির নতুন সংসারে? এই প্রশ্নের উত্তর এল খুব তাড়াতাড়ি। মিঠির ওই ব্যাগ থেকে পাওয়া গেল একটা মেডিকেল রিপোর্ট। যা হাতে পাওয়া মাত্রই রেগে আগুন হয়ে যায় কৃশানু। কী লেখা আছে সেই রিপোর্টে?
মিঠিকে সে জানায়, ওই রিপোর্টে লেখা আছে যে মিঠি অন্তঃসত্ত্বা। কৃশানু রেগে গিয়ে মিঠিকে বলে, সে কেন তার থেকে সত্যিটা গোপন করে রেখেছিল? আর সে চাইলেও কখনও মিঠিকে বিশ্বাস করতে পারবে না। এই রিপোর্ট যে ভুয়ো, তা মিঠি চেয়েও কৃশানুকে কিছুতেই বোঝাতে পারে না।বিয়ের পরের দিনই বিরাট ভুল বোঝাবুঝি তৈরি হয় তাদের মধ্যে।
কী হবে এবার? মিঠি কি পারবে বর্ষার ষড়যন্ত্র ধরতে? কৃশানু কি নিজের ভুল বুঝতে পেরে মিঠিকে কাছে টেনে নেবে? 'চিরসখা'র এই দমদার মোড়ে ঠিক কী হতে চলেছে, তা জানার অপেক্ষায় দর্শক মহল।
