২৪ জুলাই বড়পর্দায় আসছে 'কাতুকুতু বুড়ো'। প্রথম পরিচালনায় নিজেকে অ্যাকশন হিরো অবতারে তুলে ধরেছেন উজান গাঙ্গুলি। একদিকে উজানের পরিচালিত প্রথম ছবি যেমন বড়পর্দায় আসছে, তেমনই বক্স অফিসে রমরমিয়ে চলছে 'আজও অর্ধাঙ্গিনী।' সেই ছবির পরিচালনায় কৌশিক গাঙ্গুলি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসান। অন্যদিকে, উজানের 'কাতুকাতু বুড়ো'তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চূর্ণীকে। তাহলে আগামিদিনে বক্স অফিসে বাবা-মার সঙ্গেই 'কম্পিটিশন'? 

আজকাল ডট ইন-এর সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন উজান। তাঁর কথায়, "দুটো ছবিই আমাদের পরিবারের। আজও অর্ধাঙ্গিনীর স্ক্রিপ্ট লেখার সময় যেমন বাবাকে আমিও কিছুটা ইনপুট দিয়েছিলাম। তেমন কাতুকুতু বুড়ো নিয়ে এগোনোর সাহস বাবা-মাই আমাকে দিয়েছে। তাই কখনও চাপ অনুভব করিনি। কম্পিটিশনের জায়গাটা নেই। দুটো ছবিই আমাদের। তাই সাফল্য-ব্যর্থতা যা-ই আসুক ভাগ করে নেব।"

তাঁর পরিচালনায় একসঙ্গে বাবা-মা অর্থাৎ কৌশিক-চূর্ণীকে কবে দেখা যাবে? উজানের জবাব, "এই ছবিতে মা আছে, কিন্তু বাবাকে ক্যামিও চরিত্রেও রাখিনি বলে খুব অভিমান হয়েছে।‌ তাই আমার আর বাবার একটা অলিখিত চুক্তি হয়েছে, পরের ছবিতে বাবা থাকবেই। সেক্ষেত্রে একসঙ্গে আমরা তিনজন একফ্রেমে থাকব কিনা সেটা সময়ই বলবে।"

প্রসঙ্গত, 'কাতুকুতু বুড়ো'তে উজান জুটি বেঁধেছেন রাপূর্ণা ভট্টাচার্যর সঙ্গে। এটা রাপূর্ণারও প্রথম ছবি। এতদিন রাপূর্ণাকে দর্শক চিনেছেন গায়িকা হিসেবেই। এই প্রথমবার পর্দার নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই তাঁদের জুটি দর্শকের কাছে পছন্দের তালিকায় জায়গা পেয়েছে। এমনকী, উজান-রাপূর্ণার জুটি কি বাস্তবেও পরিণতি পাচ্ছে কিনা সেই নিয়েও চর্চা চলছে দর্শক মহলে।