নম্বর বেশ অনেকটাই কমলেও চলতি সপ্তাহের টিআরপি তালিকা বেশ চমকে দেওয়ার মতো। এক সময়ের টিআরপি টপার 'পরশুরাম আজকের নায়ক' বর্তমানে রীতিমত কোণঠাসা। অন্যদিকে চমক দেখিয়ে তরতরিয়ে তালিকার উপর দিকে উঠছে 'জোয়ার ভাঁটা'। হাড্ডাহাড্ডি লড়াই চলছে 'পরিণীতা'র সঙ্গে। দেখুন সেরা ১০ -এ কারা?
চলতি সপ্তাহে টিআরপি তালিকায় এক নম্বরে রয়েছে 'পরিণীতা'। মাঝে কয়েক সপ্তাহ প্রথম স্থান হাতছাড়া হলেও পুনরায় সেটা দখল করেছে জি বাংলার এই মেগা। চলতি সপ্তাহে তার প্রাপ্ত নম্বর ৬.০। দ্বিতীয় স্থানে ৫.৯ নম্বর পেয়ে রয়েছে 'জোয়ার ভাঁটা'। উজি এবং নিশার আসল পরিচয় ফাঁস হওয়ার পর থেকেই রীতিমত চমক দেখাচ্ছ এই ধারাবাহিক।
এক থেকে সোজা তিন নম্বরে নেমে এসেছে 'পরশুরাম আজকের নায়ক'। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা অভিনীত এই ধারাবাহিকটি পেয়েছে ৫.৫। ০.১ নম্বর কম পেয়ে অর্থাৎ ৫.৪ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে 'রাঙামতী তীরন্দাজ'। বর্তমানে এই ধারাবাহিকে দেখানো হচ্ছে রাঙামতী মা হয়েছে। তার মেয়ে এক জঙ্গলে আটকে রয়েছে। এমন অবস্থায় দু'জনের ফের কীভাবে মিল হয় সেটাই দেখার।
এবারের টিআরপি তালিকায় পাঁচ নম্বরে রয়েছে 'ও মোর দরদিয়া'। রণিতা দাস অভিনীত এই ধারাবাহিকে দেখানো হচ্ছে বাণীর মেয়ে খুব অসুস্থ, এর মধ্যেই সে ভয় পাচ্ছে অনিরুদ্ধকে। কিন্তু কেন? সেটা নিয়ে গল্প বর্তমানে টানটান জায়গায় রয়েছে। এই সপ্তাহে ধারাবাহিকটি ৫.৩ নম্বর পেয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। গোড়া থেকে চমক দেখালেও, সম্প্রতি পাঁচ থেকে ছিটকে গিয়েছে স্বস্তিকা দত্তের এই ধারাবাহিক। পেয়েছে ৫.১ নম্বর।
৫.০ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। আট নম্বর একসঙ্গে রয়েছে দু'টো মেগা। ৪.৮ পেয়ে এই সপ্তাহের টিআরপি তালিকায় অষ্টম স্থানে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি' এবং 'আমাদের দাদামণি'।
৪.৭ পেয়ে নয় নম্বর স্থান 'কনে দেখা আলো'। বনলতার প্রেমিকের মুখোমুখি লাজু। অন্যদিকে অনুভব এবং লাজুর সম্পর্কের মোড় নিয়ে গল্প জমে উঠেছে। সেরা দশের একদম শেষ রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। এই সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছে ৪.৫। ধারাবাহিকের গল্পে আসছে নতুন টুইস্ট। অপর্ণাই রাজনন্দিনী যে সেটা ফাঁস হবে আর্যর কাছে! একই সঙ্গে মৃত্যুর মুখে ঢলে পড়বে নায়ক। কেন? সেই উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বে।
