চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে এল। বিরাট চমক দিয়ে সেরা পাঁচের হিসেব একদমই উল্টেপাল্টে গেল। প্রথম স্থান হাতছাড়া 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের। একে উঠে এল 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। সঙ্গী কে? 

এই সপ্তাহে টিআরপি টপার হয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। স্বস্তিকা দত্তের ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। বিদ্যার জীবনেও আসতে চলেছে বিরাট ঝড়, বাবা, শ্বশুর বাড়ির বিরুদ্ধ গিয়ে সে কীভাবে সবটা মোকাবিলা করে সেটাই দেখার এখন। একই নম্বর পেয়ে প্রথম স্থানে যুগ্ম ভাবে রয়েছে 'পরিণীতা'। এই গল্পে বর্তমানে পারুল, রায়ানের যে রসায়ন দেখানো হচ্ছে, সঙ্গে রায়ানের পিসির বিয়ে নিয়ে যে একের পর এক চমক আসছে তাতে মুগ্ধ দর্শক। এক থেকে দুই নম্বরে নেমে এসেছে 'পরশুরাম আজকের নায়ক'। নম্বরও বেশ অনেকটাই কমেছে। তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত এই ধারাবাহিকের চলতি সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.৪। 

তিন নম্বরে রয়েছে 'রাঙামতী তীরন্দাজ'। স্টার জলসার এই হিট ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.০। রাঙা মা হতে চলেছে, কিন্তু কাউকে জানায়নি সে কথা। নায়িকার লক্ষ্য এখন বিশ্বসেরা হওয়া। 'ও মোর দরদিয়া' ৫.৯ নম্বর পেয়েছে চতুর্থ স্থান দখল করেছে। বর্তমানে বাণীদের প্রেম কাহিনি, কাছাকাছি আসা দেখানোয় গল্প জমে উঠেছে। 

পঞ্চম স্থানে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। পল্লবী শর্মা অভিনীত ধারাবাহিকটি ৫.৬ নম্বর পেয়েছে। গল্প যেভাবে এগোচ্ছে তাতে দিতির আসল পরিচয় কি সকলে জেনে যাবে, উঠছে প্রশ্ন। ছয়ে উঠে এসেছে 'জোয়ার ভাঁটা'। দুই বোনের লড়াইয়ের গল্প চলতি সপ্তাহে ৫.৪ পেয়েছে।

ঠিক ০.০১ নম্বর কম পেয়ে, অর্থাৎ ৫.৩ নম্বর পেয়ে সাত নম্বরে রয়েছে 'আমাদের দাদামণি'। এই স্থানে যুগ্ম ভাবে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকটিও। অষ্টম স্থান দখল করেছে 'চিরসখা'। কমলিনী এবং স্বতন্ত্রর ভুল বোঝাবুঝি এবং অভিমানের হাত ধরে গল্প পুনরায় জমে উঠেছে। এটি পেয়েছে ৫.২। একই নম্বর পেয়ে আট নম্বরে রয়েছে আরও এক মেগা, 'চিরদিনই তুমি যে আমার'। ভালবাসার সপ্তাহে ফের উসকে যাবে আর্যর প্রাক্তন স্ত্রীর প্রসঙ্গ। কোন দিকে তার এবং অপর্ণার সম্পর্ক বাঁক নেয় সেটাই দেখার।

নবম স্থানে রয়েছে 'বেশ করেছি প্রেম করেছি'। জি বাংলার এই জেন জি প্রেমের গল্প পেয়েছে ৪.৮। আর দশম স্থানে রয়েছে 'কুসুম'। এর প্রাপ্ত নম্বর ৪.৫।