ছোটপর্দায় ফিরতে চলেছে টোটা রায়চৌধুরী। তাঁকে দর্শক শেষবার শ্রীময়ী ধারাবাহিকে দেখেছেন। এবার আবার নতুন রূপে, নতুন ভাবে ফিরছেন। কোথায় দেখা যাবে তাঁকে? 

না, এবার নিয়মিত ভাবে কোনও ধারাবাহিকে আসছেন না টোটা রায়চৌধুরী। তাহলে? 'লাখ টাকার লক্ষ্মী লাভ' গেম শোয়ে আসছেন অভিনেতা। জুন মাসের ফিনালেতে তিনি বিশেষ অতিথি হিসেবে আসতে চলেছেন। 

টোটা রায়চৌধুরী তাঁর বহুমুখী প্রতিভার জন্য বিখ্যাত। ছোটপর্দা থেকে বড়পর্দা, ওয়েব দুনিয়া সর্বত্র কাজ করেছেন। বলিউড, টলিউড সবেতেই কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি, তাঁর ফিটনেস, মার্শাল আর্টে দক্ষতা নেটিজেনদের চর্চার বিষয়। 

'লাখ টাকার লক্ষ্মী লাভ' শোয়ে এসে টোটা রায়চৌধুরী তাঁর নাচের জাদুতে মঞ্চ মাতাবেন। 'আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার', 'জীবনে কী পাব না', 'তাকি ও তাকি', ইত্যাদির মতো গানে নাচ করবেন তিনি। অন্যদিকে 'ফেলুদা' এই গেম শোয়ে আসছে, আর সেই সংক্রান্ত কিছুই ঘটবে না? তাই কখনও হয়? 'লাখ টাকার লক্ষ্মী লাভ' শোয়ের মিউজিক্যাল চেয়ার রাউন্ড 'দার্জিলিং জমজমাট' -এর 'ফেলুদা' থিমের সুরে জমে উঠবে। 

'লাখ টাকার লক্ষ্মী লাভ' শোয়ে এসে দারুণ অভিজ্ঞতা হয়েছে বলেই জানিয়েছেন অভিনেতা। বিশেষ করে প্রতিযোগীদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তাঁকে উদ্বুদ্ধ করেছে বলেই দাবি করেন অভিনেতা। 

'লাখ টাকার লক্ষ্মী লাভ' গেম শোটি সান বাংলায় দেখা যায়। তবে এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে আগামী ৩০ জুন সন্ধ্যা ৭ টা থেকে। সুদীপ্ত চক্রবর্তীর সঞ্চালনায়, ‘লাখ টাকার লক্ষী লাভ’ অনুষ্ঠানটি বিনোদন, আবেগ এবং অনুপ্রেরণামূলক গল্পের মেলবন্ধন ঘটিয়ে দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে। 'লাখ টাকার লক্ষ্মীলাভ' -এর জুন মাসের ফিনালেতে থাকবে অনেক চমক।

মাঝেমধ্যে এই শোয়ে খেলতে আসেন এক ঝাঁক জনপ্রিয় তারকা। গল্প–আড্ডায় জমে ওঠে সেই বিশেষ পর্ব। তারকারা অবশ্য তাঁদের জেতা টাকা নিয়ে যান না—তা দিয়েই তৈরি হয়েছে ‘লক্ষ্মী ব্যাঙ্ক’। এবার সেই ‘লক্ষ্মী ব্যাঙ্ক’ -এর টাকা থেকে ছয়জন লড়াকু ‘মা লক্ষ্মী’র হাতে তুলে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে, যাতে তাঁরা নিজেদের স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোতে পারেন। দর্শকদের বিপুল চাহিদার কারণে শো-এর সময়ও বাড়ানো হয়েছে—এখন প্রতিদিন দেড় ঘণ্টার অনুষ্ঠান।