অভিষেকের ‘কিং’ অবতার
বেশ কয়েক দিন ধরে নতুন লুকে দেখা যাচ্ছে অভিষেক বচ্চনকে। এবার তিনি নিজেই জানালেন, তাঁর নতুন লুক কিং ছবির জন্যই।গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ এক আলোচনাসভায় নিজের নতুন হেয়ারস্টাইল নিয়ে প্রশ্ন উঠতেই অভিষেক খানিক হাসতে হাসতেই বলেন, তিনি খুশি যে দর্শকরা তাঁর পরিবর্তন লক্ষ্য করেছেন। এরপরই তিনি স্পষ্ট করে জানান, তিনি বর্তমানে ‘কিং’-এর শুটিং করছেন। তবে চরিত্র বা গল্প সম্পর্কে কোনও অতিরিক্ত তথ্য দিতে রাজি হননি তিনি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।অভিষেকের এই স্বীকারোক্তি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস। কেউ লিখেছেন, তিনি ‘যুবা’-র মতো শক্তিশালী পারফরম্যান্স আশা করছেন। কেউ আবার মন্তব্য করেছেন, বয়সের সঙ্গে অভিনেতার ব্যক্তিত্ব আরও পরিণত হয়েছে। আবার অনেকে সরাসরি দাবি তুলেছেন, এই ছবিতে তাঁকে নির্মম ভিলেন হিসেবে দেখানো হোক।প্রসঙ্গত, এর আগেই অভিষেকের এই ছবিতে থাকার ইঙ্গিত দিয়েছিলেন তাঁর বাবা অমিতাভ বচ্চন।
পাক বধ ভারতের, উচ্ছ্বসিত তারকারা
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে সুপার এইটে জায়গা পাকা করেছে ভারত। আর সেই জয় ঘিরেই উচ্ছ্বাসে ভাসলেন তারকারা।রবিবারের হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের দাপুটে পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক শুভেচ্ছা বার্তা দেন বলিউড ও দক্ষিণের তারকারা।অভিনেতা অজয় দেবগণ এক্স-এ লিখেছেন, এই দল জেতাকে যেন খুব সহজ করে তোলে, “কী দুর্দান্ত খেললো!” বলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।দক্ষিণী তারকা মাম্মুটি ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে একে দেশের গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন। অন্যদিকে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে অর্জুন রামপাল লেখেন, “খেল খতম! কী দুর্দান্ত পারফরম্যান্স। সুপার এইটে পৌঁছনোর জন্য অভিনন্দন...।” তিনি বিশেষভাবে ইশান কিশান-এরও প্রশংসা করেন।
&t=313s
হৃতিকের দুঃখ
মুম্বইয়ে মেট্রো ব্রিজের পিলার ভেঙে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন বলিউড তারকা হৃতিক রোশন। দুর্ঘটনার পরদিনই ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা পোস্ট করে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।একটি ভিডিও শেয়ার করে অভিনেতা লেখেন, এই ঘটনা হৃদয়বিদারক ও নিদারুণ মনখারাপের।তবে শুধু শোকবার্তাতেই থেমে থাকেননি হৃতিক। শহরের দ্রুত উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপকে তিনি স্বাগত জানান, তবে এমন দুর্ঘটনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।

বিশেষ করে ব্যস্ততম রাস্তায় চলমান নির্মাণকাজের সময় শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলেই মত অভিনেতার। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য কঠোর নিয়ম, পর্যবেক্ষণ এবং যা কিছু নিয়ম তা কার্যকর করার আহ্বানও জানান তিনি। মুম্বইয়ের মতো দ্রুত বিকাশমান শহরে এই দুর্ঘটনা আবারও তুলে ধরল, উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করাও সমান জরুরি।
