এআই দিয়ে ছবি বানাবেন হিরানি!

নতুন সৃজনের পথে হাঁটছেন বর্ষীয়ান পরিচালক রাজকুমার হিরানি। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরির পরিকল্পনা করছেন তিনি, এবং এই প্রযুক্তি গল্প বলার জগতে কী সম্ভাবনা এনে দিতে পারে তা নিয়ে যথেষ্ট আশাবাদীও।সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরানি জানান, তিনি চার থেকে পাঁচ মিনিটের একটি এআই দিয়েই একটি ছোটছবি অর্থাৎ শর্ট ফিল্ম বানাতে চান, যেখানে আধুনিক প্রযুক্তির ক্ষমতাকে সৃজনশীলভাবে ব্যবহার করা হবে।‘এআই-কে ভয় পাওয়ার কিছু নেই’ -এমনটাই স্পষ্ট করে দিয়েছেন পরিচালক। বরং তাঁর মতে, এটি এক অসাধারণ হাতিয়ার, যা নির্মাতাদের নতুন ধারণা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দেয়। তবে প্রযুক্তি যতই এগোতে থাকুক, সিনেমার আত্মা কখনও মেশিনের হাতে চলে যাবে না বলেই মনে করেন তিনি। তাঁর কথায়, গল্পের প্রাণ শেষ পর্যন্ত নির্মাতার কল্পনাশক্তিতেই নির্ভর করে।


নাগার্জুনের ‘সচ’ 

ইন্টারনেটে জোর গুঞ্জন উঠেছিল, ধুরন্ধর ছবিতে অক্ষয় খান্না অভিনীত ‘রহমান বালোচ’ চরিত্রে নাকি অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নাগার্জুন। তবে এই জল্পনায় এবার নিজেই জল ঢাললেন দক্ষিণী অভিনেতা।বিদেশে ছুটি কাটাতে কাটাতেই নাগার্জুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁকে এমন কোনও প্রস্তাব দেওয়া হয়নি। তাঁর কথায়, “একেবারেই না। আমাকে ওই চরিত্রের অফার দেওয়া হয়নি, যদিও দেওয়া হলে ভালই লাগত। ধুরন্ধর দারুণ ছবি। আদিত্য ধরের পরিচালনা অসাধারণ। তাঁর আগের ছবি উরি-ও আমার খুব ভাল লেগেছিল। ছবির প্রত্যেকের অভিনয় দুর্দান্ত, আর অক্ষয় খন্না তো অসাধারণ কাজ করেছে। সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছি। আশা করি আবারও ব্লকবাস্টার হবে।”

 

আসছে ‘হীর-রাঞ্ঝা’

গত বছর পুনর্মুক্তির পর নতুন করে সাফল্য পায় লায়লা মজনু। সেই সাফল্যের জোরেই আবারও হাত মিলিয়েছেন নির্মাতারা, এবার পর্দায় ফিরছে আরেক চিরকালীন প্রেমের গল্প - হীর-রাঞ্ঝা a।চলচ্চিত্র নির্মাতা ভাই ইমতিয়াজ আলি ও সাজিদ আলি ফের একসঙ্গে কাজ করছেন এই ছবিতে, যার প্রযোজনায় রয়েছেনএকতা কাপুর। সাজিদ আলির পরিচালনায় তৈরি হতে চলা এই ছবি লায়লা-মজনু ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। নির্মাতাদের মতে, আগের ছবির মতোই এটি দর্শকের আবেগকে গভীরভাবে ছোঁবে।

&t=313s

 

নির্মাতাদের বক্তব্য, “চিরাচরিত প্রেমের শিকড়ে দাঁড়িয়ে থাকলেও আজকের সময়ের ভাবনায় গড়া এই হীর রাঞ্ঝা নতুন প্রজন্মের কাছে প্রেমকে নতুনভাবে তুলে ধরবে। ” শিরোনাম ঘোষণার পর থেকেই দর্শকমহলে কৌতূহল ও উত্তেজনা তৈরি হয়েছে।খুব শিগগিরই ছবির শুটিং শুরু হওয়ার কথা। তবে অভিনেতা-অভিনেত্রীর নাম এখনও প্রকাশ করা হয়নি।ভ্যালেন্টাইনস ডে-তেই নির্মাতারা একটি ছোট ভিডিও প্রকাশ করে ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেন।