ভূতের ছবিতে অভিষেক 

এবার ভূতের ছবিতে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে। শোনা যাচ্ছে, বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার কিং-এর কাজ করার পর ফের পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে কাজ করতেপারেন তিনি।তবে এবার গল্পের মোড় একেবারেই অন্য দিকে। সূত্রের খবর, পরিচালক সিদ্ধার্থ আনন্দ নাকি একটি লোককথা-প্রেরিত ভৌতিক ছবি নিয়ে ভাবনা শুরু করেছেন, যেখানে ভারতীয় লোকবিশ্বাস ও অতিপ্রাকৃত উপাদান মিলিয়ে তৈরি হতে পারে বড় মাপের সিনেমা। সেই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে।যদিও এই প্রকল্প এখনও প্রাথমিক আলোচনার পর্যায়েই রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবু ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবিটি যদি বাস্তবায়িত হয়, তবে ভারতীয় লোককথা এবং রহস্যময় অতিপ্রাকৃত জগতকে কেন্দ্র করে তৈরি হবে এক বড় বাজেটের ভৌতিক চলচ্চিত্র।

 


করণের সিদ্ধার্থ-লাভ

বলিউডে ফের জুটি বাঁধতে চলেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। খবর, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস-এর ব্যানারে তৈরি হতে চলা একটি নতুন ছবিতে মুখ্যভূমিকায় অভিনয়ের জন্যআলোচনা চলছে সিদ্ধার্থের সঙ্গে।যদি সব কিছু চূড়ান্ত হয়, তবে এই জুটি সপ্তমবার একসঙ্গে কাজ করতে চলেছে। ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি পরিচালনা করেছিলেন করণ জোহর, আর সেই ছবিতেই প্রথমবার নায়ক হিসেবে দর্শকের সামনে আসেন তিনি। এরপর থেকে ধর্মা প্রোডাকশনের ব্যানারে একাধিক ছবিতে কাজ করেছেন সিদ্ধার্থ।

 ছবিটি নাকি ব্যাকরণ মেনে রোম্যান্টিক ড্রামা। করণ জোহরের অতি পরিচিত স্টাইলের। ছবিটি পরিচালনা করবেন স্মরণ শর্মা। গল্পের কেন্দ্রে থাকবে জটিল সম্পর্ক, আবেগের টানাপোড়েন।ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, গত বছর প্রথমবার এই ছবির ধারণা সিদ্ধার্থের কাছে তুলে ধরা হলে তিনি নাকি তাতে ইতিবাচক সাড়া দেন। তখনই মৌখিক সম্মতি দিয়েছিলেন তিনি, তবে পুরো চিত্রনাট্য পড়ার পরেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে চান। এখন সেই আলোচনা নাকি শেষ পর্যায়ে পৌঁছেছে।

 

‘ধুরন্ধর’ পাকিস্তানি গায়ক


রেট্রো নস্টালজিয়ার ছোঁয়ায় তৈরি হয়েছে ‘ধুরন্ধর’। অভিনেতা রণবীর সিং অভিনীত এই ছবিতে পুরনো জনপ্রিয় গানগুলিকে গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহার করা হয়েছে। আর সেই তালিকায় রয়েছে কিংবদন্তি গান ‘হাওয়া হাওয়া’।সম্প্রতি পাকিস্তানের প্রবীণ গায়ক হাসান জাহাঙ্গীর দাবি করেছেন, তাঁর আইকনিক গান হাওয়া হাওয়া ব্যবহার করার জন্য ছবির নির্মাতারা তাঁকে প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ টাকা) দিয়েছেন।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে রমজান অনুষ্ঠান ‘শান-এ-সাহুর’-এ সঞ্চালক নিদা ইয়াসির-এর সঙ্গে আলাপচারিতায় নিজের সঙ্গীতজীবন ও এই গান নিয়ে কথা বলেন হাসান জাহাঙ্গীর।আলোচনার সময় তিনি জানান, সম্প্রতি তাঁর জনপ্রিয় গানটি একটি ১০০ কোটির বাজেটের ছবিতে ব্যবহার করা হয়েছে, যা পরে প্রায় ১১০০ কোটি টাকা ব্যবসা করেছে। যদিও তিনি সরাসরি ছবির নাম প্রথমে বলেননি, তাঁর ইঙ্গিত ছিল ‘ধুরন্ধর’-এর দিকেই।

এরপর সঞ্চালক জানতে চান, গানটি ব্যবহারের জন্য তিনি কোনও পারিশ্রমিক পেয়েছিলেন কি না। উত্তরে হাসান জাহাঙ্গীর স্পষ্ট জানান,নির্মাতারা তাঁকে ৫০ হাজার ডলার দিয়েছেন এবং যথাযথ অনুমতিও নিয়েছেন গানটি ব্যবহার করার আগে। পরে সঞ্চালক ছবির নাম উল্লেখ করে বলেন, নির্মাতারা যে গান ব্যবহারের আগে অনুমতি নিয়েছেন, সেটি নিঃসন্দেহে ভাল উদ্যোগ।