কমলের অনন্য নজির!

সুপারস্টার এবং তাঁদের বিলাসবহুল জীবনযাপন— বিনোদন দুনিয়ায় এই দুটি শব্দ যেন সমার্থক। ব্যক্তিগত চার্টার্ড প্লেন কিংবা বিজনেস ক্লাসের আভিজাত্য ছেড়ে তারকাদের সাধারণ মানুষের মতো যাতায়াত করতে দেখা সত্যিই এক বিরল ঘটনা। আর সেই বিরল নজিরই এবার গড়ে দেখালেন ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি কমল হাসন। নাগ অশ্বিনের ব্লকবাস্টার ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল অর্থাৎ দ্বিতীয় পর্বের শুটিংয়ে যোগ দিতে যাওয়ার পথে এক অনন্য নজির গড়লেন অভিনেতা। সমস্ত রকমের রাজকীয় বিলাসিতা দূরে সরিয়ে রেখে স্রেফ সাধারণ যাত্রীদের মতো ইকোনমি ক্লাসের ফ্লাইটে চেপে সোজা শুটিং সেটে পৌঁছালেন তিনি। কিংবদন্তি অভিনেতার এই মাটির কাছাকাছি থাকার মানসিকতা দেখে মুগ্ধ খোদ ছবির প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী মুভিজ’।

সম্প্রতি ‘বৈজয়ন্তী মুভিজ’-এর পক্ষ থেকে তাঁদের অফিশিয়াল এক্স  হ্যান্ডেলে কমল হাসানের একটি ছবি শেয়ার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ফ্লাইটের সাধারণ ইকোনমি ক্লাসের উইন্ডো সিটে বসে অত্যন্ত সাধারণ পোশাকে নিজের ফোনে মগ্ন রয়েছেন অভিনেতা।
ছবিটির ক্যাপশনে অভিনেতাকে কুর্নিশ জানিয়ে নির্মাতারা লিখেছেন -“সিনেমার বর্তমান বাজার যখন এক কঠিন বাস্তব ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে ব্যক্তিগত চার্টার্ড বিমান কিংবা বিলাসবহুল ভ্রমণকে অবলীলায় ত্যাগ করে ইকোনমি ক্লাসের ফ্লাইটে চড়ে সোজা শুটিং সেটে চলে এলেন মিস্টার কমল হাসান। এই একটি সিদ্ধান্তই প্রমাণ করে দেয় যে তিনি কেন একজন সত্যিকারের কিংবদন্তি।

 

 

 

সোনুর কাণ্ড 

বলিউডের জনপ্রিয় প্লে-ব্যাক গায়ক সোনু নিগম এই মুহূর্তে ওঁর রিয়েল এস্টেট বা সম্পত্তি বিক্রির কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন। মুম্বইয়ের উপকণ্ঠে অবস্থিত কারজাত (কারজাত— যা বর্তমানে মুম্বই ৩.০ নামে পরিচিত)-এ নিজের ১.০৬৭ হেক্টর জমি বড় অঙ্কের টাকায় বিক্রি করে দিলেন গায়ক। ‘সিআরই ম্যাট্রিক্স’ -এর মাধ্যমে প্রাপ্ত সম্পত্তির রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি অনুযায়ী, এই জমিগুলো মোট ৯৫ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, মাত্র এক মাস আগেই, অর্থাৎ ২০২৬ সালের এপ্রিল মাসেও সোনু এই একই এলাকায় ওঁর ১.৯ হেক্টর জমি ১.৯৫ কোটি টাকায় বিক্রি করেছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই মে মাসে আবারও জমি বিক্রির নতুন, বড়সড় ডিল চূড়ান্ত করলেন তিনি।


নিজের ছবির প্রচারেই নেই দিলজিৎ


বলিউডের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং নামী পরিচালক ইমতিয়াজ আলি -র নতুন ছবি ‘ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা’ -র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ঘিরে গত কয়েকদিন ধরে বি-টাউনে জল্পনা ছিল তুঙ্গে। ছবির ট্রেলার লঞ্চের মতো এত বড় ইভেন্টে খোদ ছবির মুখ্য অভিনেতা দিলজিৎ কেন অনুপস্থিত, তা নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। এমনকি কোনো কোনো রিপোর্টে দাবি করা হয়েছিল— দিলজিৎ নাকি এই ছবির প্রমোশন বা প্রচার পর্ব থেকেই পুরোপুরি দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে সমস্ত জল্পনা, গুঞ্জন ও নেতিবাচক জল্পনায় জল ঢেলে ট্রেলার লঞ্চের মঞ্চেই এক বিশেষ ভিডিও বার্তা পাঠালেন খোদ দিলজিৎ। খোলসা করলেন ওঁর অনুপস্থিতির আসল কারণ। ইভেন্টের মাঝেই স্ক্রিনে দিলজিতের পাঠানো একটি প্রি-রেকর্ডেড ভিডিও বার্তা চালানো হয়। সেখানে ওঁর চিরাচরিত চনমনে মেজাজে দিলজিৎ বলেন, “বন্ধুরা, আমি দিলজিৎ দোসাঞ্জ। সবাইকে আমার অনেক ভালবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই ‘ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা’র ট্রেলার দেখতে চলেছেন, তাই এটি মন ভরে উপভোগ করুন। আমি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছি, তাই অনুষ্ঠানে সশরীরে হাজির হতে পারলাম না। আজ রাতে টেক্সাসে আমার যে কনসার্ট বা শো রয়েছে, তার সব টিকিট ইতিমধ্যেই বিক্রি  হয়ে গিয়েছে!”