নিজস্ব সংবাদদাতা: ২০২৩-২৪ দু'বছরই ভয়ংকর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। সোমবার স্বামীকে হারালেন অভিনেত্রী। জানা গিয়েছে গত বছর এই একই দিনে শ্বশুরমশাই এবং বাবাকে হারিয়েছিলেন সুভদ্রা, এক বছর কাটতে না কাটতেই অকালে স্বামীকে হারালেন। 

 

 

এই মুহূর্তে কথা বলার মত অবস্থায় নেই অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়, এই খবর ছড়িয়ে পরার পরেই টলিউডের বেশ কিছু মানুষ দেখা করতে যান তার সঙ্গে, অত্যন্ত ভেঙে পড়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে ঘুমের মধ্যেই মৃত্যু হয় সুভদ্রা মুখোপাধ্যায়ের স্বামী ফিরোজের। ব্যবসায়ী ফিরোজ দেশের নানা জায়গায় কাজের সূত্রে থাকতেন। মাত্র দু'দিনের জন্য বাড়িতে এসেছিলেন, তার মধ্যেই ঘটে গেল এই দুর্ঘটনা। এ যেন মেনে নিতে পারছেন না সুভদ্রা এবং তাঁর পরিবার। 

 

 

সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ফিরোজ। লকডাউনের পরেই জমজমাটভাবে ছেলের বিয়ের আয়োজন করেন সুভদ্রা, সেখানে সব সময়ের মতই স্বামীর সঙ্গে হাসিমুখে দেখা যায় অভিনেত্রীকে। পর্দা থেকে প্রথমবার বাস্তবে শাশুড়ি হওয়া, আনন্দের সীমা ছিল না তাঁর। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই একের পর এক কাছের মানুষকে হারালেন অভিনেত্রী। জি বাংলার 'আলোর কোলে' ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন সুভদ্রা। 

 

 

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগদান করেন তিনি। জানা যাচ্ছে, স্বামীর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করতে যথাযথ সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শোক কাটিয়ে উঠতে টলিপাড়া থেকে কিছুদিনের বিরতি নেবেন সুভদ্রা মুখোপাধ্যায়।