বড়পর্দায় তাঁর অভিষেক হয় টলিউডের 'মেগাস্টার' দেবের বিপরীতে। 'প্রজাপতি ২' ছবিতে জ্যোতির্ময়ীর অভিনয় নজর কাড়ে দর্শকের। আর তারপরেই কেরিয়ারে আসে নতুন মোড়। শুরুতে ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন জ্যোতির্ময়ী কুণ্ডু। দেবের পর শাকিবের সঙ্গে ‘প্রিন্স’ ছবিতে নায়িকা হিসেবে কাজের সুযোগ পান।
সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছি শাকিব খান অভিনীত 'প্রিন্স' সিনেমা, যদিও তা দেখেনি সফলতার মুখ। অসংখ্য অভিযোগ ছবিকে ঘিরে। ব্যর্থতার দায় স্বীকার করেও নিয়েছেন শাকিব। সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে অভিনেতার আচরণে যেন ধরা পড়ল অসঙ্গতি। চোখেমুখে অস্বস্তির ছাপ দুই নায়িকা জ্যোতির্ময়ী ও ওপার বাংলার অভিনেত্রী তাসনিয়া ফারিনের।
সম্প্রতি ঢাকার উত্তরায় একটি প্রেক্ষাগৃহে এই ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই শাকিব বলেন, “আমি যখন ‘প্রিন্স’ সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এজন্য নির্মাতা সহ সবার পক্ষ থেকে আমি দুঃখপ্রকাশ করছি। আমি আমার পরবর্তী ছবিতে ত্রুটিগুলো খেয়াল রাখব।"
এই প্রদর্শনীর ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে শাকিব খানকে দেখা যাচ্ছে ছবি তোলার সময় এবং কথা বলার সময় জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখতে। শাকিবের এই আচরণে জ্যোতির্ময়ীর অস্বস্তি চোখেমুখে ফুটে উঠেছে। বারবার অভিনেতার হাত সরানোর চেষ্টা করলেও সুবিধা করতে পারেননি তিনি।
এমনকী, প্রেক্ষাগৃহের ভিতরের একটি ফুটেজও ভাইরাল হয়েছে। দেখা যায়, ছবির অন্য অভিনেত্রী তাসনিয়ার কাঁধে হাত দিতে চান শাকিব। যদিও তাসনিয়া সঙ্গে সঙ্গে শাকিবের হাত নামিয়ে দেন। হঠাৎ নায়িকাদের সঙ্গে শাকিবের প্রকাশ্যে এমন আচরণ নিয়ে উঠছে প্রশ্ন। নেটিজেনরা সমালোচনা করতেও ছাড়েননি অভিনেতাকে। তবে ওপার বাংলার 'সুপারস্টার'-এর এই আচরণের ফলে অস্বস্তি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি তাসনিয়া কিংবা জ্যোতির্ময়ী।















